পিছিয়ে পড়েও কামব্যাক, শেষ মুহূর্তের নাটকে ১০ জনের পাকিস্তানকে হারিয়ে সাফে ইতিহাস ভারতের - 24 Ghanta Bangla News
Home

পিছিয়ে পড়েও কামব্যাক, শেষ মুহূর্তের নাটকে ১০ জনের পাকিস্তানকে হারিয়ে সাফে ইতিহাস ভারতের

Spread the love

শেষ মুহূর্তে সন্দীপের হেড, তার পর বাঁধনহারা উৎসব

১০ জনের পাকিস্তানকে চাপে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে ভারত। বিষ্ণু, ব্রিসন, ম্যাকার্টনরা সুযোগ তৈরির চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের রক্ষণ ভাঙা সহজ হচ্ছিল না। কখনও শট আটকে যাচ্ছিল ডিফেন্ডারদের গায়ে, কখনও গোলকিপার বাঁচিয়ে দিচ্ছিলেন। মনে হচ্ছিল, ম্যাচের নিষ্পত্তির জন্য হয়তো অতিরিক্ত সময়ের অপেক্ষা করতে হবে।

কিন্তু ৮৮ মিনিটে সব হিসেব বদলে দিলেন সন্দীপ মান্ডি। কর্নার থেকে আব্দুল রাবেহের বাড়ানো বলে মাথা ছোঁয়ান ভারতীয় ডিফেন্ডার। বল মাটিতে পড়ে লাফিয়ে উঠে গোলে ঢুকে যায়। ২-১ গোলে এগিয়ে যায় ভারত। তার পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতে ভারতীয় শিবির। এ দিকে ইনজুরি টাইমে গোলশোধের মরিয়া চেষ্টা চালায় পাকিস্তান। একেবারে শেষ মুহূর্তে খাইমিনথাং লুংডিমের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল। কিন্তু পাকিস্তানের এক ফুটবলার তাঁর শট আটকে দেন। তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি।

শেষ বাঁশি বাজার পর আর আবেগ ধরে রাখতে পারেননি ভারতীয় ফুটবলাররা। ঐতিহাসিক জয়ের সেলিব্রেশনে মাতে টিম ইন্ডিয়া। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সন্দীপ মান্ডি। দেশের হয়ে ফাইনালে গোল করার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই অনুভূতি একেবারেই আলাদা। দেশের হয়ে ফাইনালে গোল করতে পারা অসাধারণ ব্যাপার। সুযোগটা এসেছিল ঠিকই, তবে সবটাই দলের একসঙ্গে লড়াই করার ফল।’

এই নিয়ে দশ বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। একই সঙ্গে সাফে খেতাব জয়ের হ্যাটট্রিক করল তারা। ফাইনালে এক গোল পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেওয়া, সন্দীপের জয়সূচক গোল আর ম্যাচ শেষে ফুটবলারদের বাঁধনহারা উচ্ছ্বাস— সব মিলিয়ে ঢাকার রাতটা ভারতীয় ফুটবলের স্মৃতিতে বিশেষ জায়গা করে নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *