ধর্ষিতার নাম প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন বিলকিসের নাম সর্বত্র ব্যবহৃত হয়? কী বলছে আইনমহল?
২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সেই সুজেট জর্ডনেরও শুধু ‘নির্যাতিতা’ পরিচয়ে আপত্তি ছিল। টিভির পর্দায় যখন প্রথম তাঁকে দেখা গিয়েছিল, তাঁর মুখ ছিল ঢাকা। কিন্তু কিছু দিন পর থেকেই ঢাকা সরিয়ে নিয়েছিলেন সুজেট। স্ব-নামে, স্ব-মূর্তিতে সর্বসমক্ষে দাঁড়িয়ে তিনি বলে দিতেন, ‘আমিই সুজেট। পার্ক স্ট্রিটে গণধর্ষিতা।’ একটি টিভি শো-তে গিয়ে আলো জ্বালিয়ে দিতেও বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তিনি কেন মুখ লুকিয়ে থাকবেন? তাঁর তো কোনও লজ্জা নেই। লজ্জা তো হবে যারা নিগ্রহ করেছে তাদের।
২০১৮ সালে ১১ ডিসেম্বর নিপুণ সাক্সেনা বনাম ভারত সরকারের মামলায় নির্যাতিতার পরিচয় গোপন রাখার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, শুধু নাম প্রকাশ করাই নয়, এমন কোনও তথ্যও প্রকাশ করা যাবে না, যার মাধ্যমে নির্যাতিতার পরিচয় শনাক্ত করা সম্ভব। তবে প্রাপ্তবয়স্ক কোনও নির্যাতিতা যদি স্বেচ্ছায় নিজের পরিচয় প্রকাশ করতে চান, সে ক্ষেত্রে কী করা যাবে, তা-ও স্পষ্ট করেছিল শীর্ষ আদালত। রায়ের ১৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়, কোনও প্রাপ্তবয়স্ক নির্যাতিতার নিজের নাম-পরিচয় প্রকাশে আপত্তি না থাকলে তিনি লিখিত ভাবে যে কোনও ব্যক্তিকে অনুমতি দিতে পারেন। তবে সেই সিদ্ধান্ত স্বেচ্ছায় এবং সচেতন ভাবে নেওয়া হতে হবে।