জাতীয় সড়কে স্করপিওকে ধাওয়া পুলিশের, গাড়ি থেকে উদ্ধার ৪টি গোরু
আস্ত একটা স্করপিও গাড়ির মধ্যে পাচার করা হচ্ছিল গোরু। গাড়িটি টোল প্লাজ়ায় দাঁড়াতেই সন্দেহ হয় পুলিশের। পুলিশ গাড়িটির সামনে যেতেই ফের স্টার্ট দেন চালক। পুলিশের গাড়িও সঙ্গে সঙ্গে ধাওয়া করতে শুরু করে স্করপিওটিকে। শেষমেশ একটি অন্ধকার জায়গায় হঠাৎই স্করপিও থামিয়ে পালিয়ে যান চালক। স্করপিওটি থেকে উদ্ধার হয়েছে ৪টি গোরু। সোমবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় খড়গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ জানায়, ঝাড়খণ্ডের দিক থেকে বালিভাষা টোল প্লাজ়ায় আসছিল সাদা রঙের ওই স্করপিও গাড়িটি। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের গুপ্তমণি মৌজার বুড়িমল লাগোয়া ওই টোল প্লাজ়ায় অপেক্ষা করছিলেন মানিকপাড়া পুলিশ ফাঁড়ির কয়েকজন। ট্রাক বা কন্টেনারে গোরু পাচার করলে তা সহজেই পুলিশের নজরে পড়ে যাবে, এই ভাবনা থেকেই স্করপিও গাড়ি বেছে নিয়েছিলেন চালক — অনুমান তদন্তকারীদের। গাড়িটি বালিভাষা টোল প্লাজ়ায় এসে দাঁড়ানোর পরে স্করপিওর চালকের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় ফাঁড়ির পুলিশকর্মীদের।
পুলিশ গাড়ির কাছে যেতেই চালক হুড়মুড়িয়ে স্টার্ট দেন। তিনি যে পালানোর চেষ্টা করছেন, বুঝতে সময় লাগে না উপস্থিত পুলিশকর্মীদের। স্করপিওটিকে ধাওয়া করতে শুরু করে পুলিশের গাড়িও। খড়গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়ক বেয়ে কিছুদূর যাওয়ার পরে হঠাৎই স্করপিওটি থামিয়ে দেন চালক। পুলিশ তাকে ধরার আগেই গাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। তল্লাশি চালিয়ে স্করপিওর ভিতর থেকে চারটি গোরু উদ্ধার করেন পুলিশকর্মীরা। আপাতত স্করপিওটি মানিকপাড়া পুলিশ ফাঁড়িতে রাখা। গোরুগুলিকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। জল ও খাবার দিচ্ছেন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা।
জাতীয় সড়কে গোরু পাচার রুখতে এর আগেও একাধিক অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত ৭ সেপ্টেম্বর গুপ্তমণি এলাকায় দু’টি ট্রাক থেকে ৪৫টি গোরু এবং ১১ অক্টোবর গজাশিমুল এলাকায় দু’টি কন্টেনার থেকে ৫৩টি গোরু উদ্ধার করা হয়। আপাতত পলাতক চালকের খোঁজ করছে পুলিশ।