অমিতাভের বাড়ি ‘জলসা’র সামনে বিক্ষোভের ডাক, ১১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে ঘিরে ফের উদ্বেগ বাড়ল। মুম্বইয়ের জুহুতে তাঁর বাংলো ‘জলসা’-র সামনে জমায়েতের ডাক দিয়েছে নিষিদ্ধ খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)। সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পন্নুনের তরফে আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে ওই জমায়েতের আয়োজন করার আহ্বান জানানো হয়েছে বলে খবর। শুধু তাই নয়, ‘জলসা’-র সামনে ‘খালিস্তান জালসা’ আয়োজনের জন্য ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণার কথাও সামনে এসেছে।
পন্নুনের বার্তায় অমিতাভকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘বাচ গয়ে ইয়া ফাঁস গয়ে’। অর্থাৎ, বেঁচে গেলেন, না কি ফেঁসে গেলেন? ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে মুম্বইয়ের শিখ সম্প্রদায়ের সদস্যদের ওই জমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে SFJ। পন্নুনের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর অমিতাভ যে মন্তব্য করেছিলেন, তার জন্য তাঁকে জবাবদিহি করতে হবে।
এই বিতর্কের সূত্র ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া শিখবিরোধী হিংসা। অভিযোগ, সেই সময় অমিতাভ বচ্চন টেলিভিশনে ‘খুন কা বদলা খুন সে লেঙ্গে’ স্লোগান দিয়েছিলেন। যদিও অভিনেতা বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন। ২০১১ সালে এই অভিযোগের জবাব দিতে আকাল তখতের তৎকালীন প্রধানের কাছে চিঠিও লিখেছিলেন তিনি। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন অমিতাভ।