Sheikh Hasina: ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা দেবে, হাসিনাকে দেশে ফেরানোর দায় নিতেই চাইছে না বাংলাদেশ! | Bangladesh: Sheikh Hasina's Return to Bangladesh Still Pending, Dhaka Says Ball's in India's Court now - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina: ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা দেবে, হাসিনাকে দেশে ফেরানোর দায় নিতেই চাইছে না বাংলাদেশ! | Bangladesh: Sheikh Hasina’s Return to Bangladesh Still Pending, Dhaka Says Ball’s in India’s Court now

Spread the love

ঢাকা: হাসিনা ফিরতে চান বাংলাদেশে। এদিকে, তাঁর দেশ বল ঠেলছে ভারতের কোর্টে। বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান রবিবার বললেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র বাংলাদেশে ফিরতে পারবেন। ঢাকা নিজেদের কাজ করেছে। বাকি সিদ্ধান্ত ভারতের।

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই থেকে এ দেশেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। তবে এখন হাসিনা নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন নিজের দেশ, বাংলাদেশে ফিরে যাওয়ার। এদিকে, দেশে ফিরলেই তো তাঁর জন্য মৃত্য়ুদণ্ড অপেক্ষা করছে। তাহলে কী করবেন?

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সে দেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাফ জানিয়েছেন যে আইনি প্রক্রিয়াতেই হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে। তিনি বলেন, “শেখ হাসিনা আইনিপথে বাংলাদেশে ফিরবেন। আমাদের দিক থেকে আইনি প্রক্রিয়ায় যা যা প্রয়োজনীয়, তা করা হয়েছে। এবার ওরা (ভারত) কী করবে, সেটা ওদের বিষয়।”

একদিকে যেখানে বাংলাদেশ সরকার হাসিনার নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন খারিজ করে দিয়েছে, সেখানেই আবার সূত্রের খবর, হাসিনাকে ফেরাতে ভারত দুটি শর্ত রেখেছে বাংলাদেশের সামনে।  বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হাসিনা যেহেতু সামরিক বিমানে ভারতে এসেছিলেন, তাই তাঁর দেশে ফেরার ক্ষেত্রেও ঢাকাকে সামরিক বিমান পাঠাতে হবে। দ্বিতীয় শর্ত হল হাসিনা যাতে দেশে ফিরে তাঁর মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে নতুন করে আপিল করতে পারেন।

যদিও আইনমন্ত্রী আসাদুজ্জামান সাফ জানিয়েছেন যে হাসিনাকে যেহেতু মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, তাই হাসিনা আর নতুন করে আপিল করার সুযোগ পাবেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসে ছাত্র গণ অভ্যুত্থানের সময় দমন-পীড়ন ও ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তাই হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম-ও জানিয়েছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। সংবাদ সংস্থা এএফপি-কে  বলেন, “শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার জন্য শেখ হাসিনার দেশে ফিরে আসা উচিত ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *