Prince William-Kate: কাটিং চায়ে চুমক থেকে স্ট্রিটফুড, মুম্বইয়ে কী করলেন ব্রিটেনের প্রিন্স ও প্রিন্সেস উইলিয়াম-কেট? | Prince William, Kate Middleton Explore Mumbai With Sachin Tendulkar, Enjoy Street Food and Cutting Chai - 24 Ghanta Bangla News
Home

Prince William-Kate: কাটিং চায়ে চুমক থেকে স্ট্রিটফুড, মুম্বইয়ে কী করলেন ব্রিটেনের প্রিন্স ও প্রিন্সেস উইলিয়াম-কেট? | Prince William, Kate Middleton Explore Mumbai With Sachin Tendulkar, Enjoy Street Food and Cutting Chai

Spread the love

মুম্বই: ভারতের মাটিতে পা রেখেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও ও প্রিন্সেস কেট মিডলটন। ভারতে পা দিয়েই মুম্বইয়ের রাস্তায়, অলিতে-গলিতে ঘুরে বেড়াতে দেখা গেল তাঁদের। আর তাঁদের সঙ্গী হলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের রাস্তায় তিনজনকে একসঙ্গে দেখা যায়। মুম্বইয়ের বিখ্যাত কিছু জায়গায় যেমন গেলেন তাঁরা, তেমনই মুম্বইয়ের স্ট্রিট ফুডের স্বাদ নিতেও দেখা গেল ব্রিটেনের প্রিন্স ও প্রিন্সেস। চুমুক দেন শহরের জনপ্রিয় কাটিং চায়ে।

ব্রিটেনের ভবিষ্যৎ রাজা ও রানির সঙ্গে ভারতের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বের এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনা চলছে। সোমবার তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে পৌঁছেছেন উইলিয়াম ও কেট। শহরে তাঁদের একাধিক কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেই তালিকায় ছিলেন সচিন তেন্ডুলকরও।

এদিন, মুম্বইয়ের ব্যালার্ড এস্টেট এলাকায় সচিনের সঙ্গে হাঁটতে দেখা যায় উইলিয়াম ও কেটকে। শহরের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে মুম্বইয়ের নিজস্ব পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন তাঁরা। এদিন গলি ক্রিকেটে ব্যাট হাতে নামেন প্রিন্সেস কেট। তাঁর ব্যাটিং দেখার জন্য মাঠের পাশে দাঁড়িয়ে ছিল একদল শিশু। তবে শেষ পর্যন্ত উইলিয়াম ও কেট দু’জনেই আউট হয়ে যান। হাসিমুখে কেট বলেন, “আমার মনে হয়, আমাদের আরও একটু অনুশীলন করা দরকার। আবার পরের বার!”

মুম্বইয়ের সঙ্গে উইলিয়াম ও কেটের ক্রিকেট-যোগ অবশ্য নতুন নয়। ২০১৬ সালের এপ্রিল মাসে প্রথম সরকারি ভারত সফরে এসে স্থানীয় শিশুদের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলেছিলেন তাঁরা। প্রায় এক দশক পর ফের মুম্বইয়ে ফিরে ক্রিকেটের সঙ্গে জুড়ে গেলেন রাজদম্পতি। তবে এবার তাঁদের পাশে ছিলেন শহরেরই অন্যতম ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর।

খেলাধুলোর বাইরেও মুম্বইয়ে একাধিক কর্মসূচি রয়েছে উইলিয়াম ও কেটের। শহরের মেট্রো রেলে সফর করার পাশাপাশি বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে তাঁদের সাক্ষাতের কথা রয়েছে। মঙ্গলবার  ‘২০২৬ আর্থশট প্রাইজ’  অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। এরপর বুধবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজদম্পতির।

কেন মুম্বইয়ে এসেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট?

আর্থশট প্রাইজের ষষ্ঠ সংস্করণে যোগ দিতেই ভারত সফরে এসেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। ২০২০ সালে উইলিয়ামের উদ্যোগে এই পরিবেশ সংক্রান্ত পুরস্কার চালু হয়। পৃথিবীর বড় বড় পরিবেশগত সমস্যার সমাধানে উদ্ভাবনী উদ্যোগকে চিহ্নিত করা এবং সেগুলিকে উৎসাহ দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। এবারের অনুষ্ঠানে পাঁচটি বিজয়ী প্রকল্পকে ১০ লক্ষ পাউন্ড করে দেওয়া হবে, যাতে তারা নিজেদের কাজ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে। আয়োজকদের দাবি, এখনও পর্যন্ত এটিই আর্থশট প্রাইজের সবচেয়ে বড় আয়োজন।

এই সফরের মাধ্যমে ভারত ও ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ক্রিকেট, ফ্যাশন ও সিনেমার মতো বিষয় থাকবে মুম্বইয়ের কর্মসূচিতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার উপস্থিত থাকার কথা। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট। পাশাপাশি ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’-এরও পারফর্ম করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *