Canning: মাতলা নদীতে জাল ফেলতেই আশপাশের সব গ্রামে জারি হয়ে গেল সতর্কতা! কী এমন হল? | Canning Baby Crocodile Caught in Matla River Sparks Panic in Canning
দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে মাঝ নদীতে মৎস্যজীবীদের নৌকা। জলে ফেলেছেন জাল। আচমকাই টান! ভেবেছিলেন বিশাল আকারের কোনও মাছ জালে উঠে এসেছে। তিন চার জন মিলে জাল টেনে তোলেন। দেখে তো চক্ষু চড়কগাছ। আস্ত কুমির ছানাই উঠে পড়েছে জাল! ক্যানিংয়ের মাতলা নদীতে মৎস্যজীবীদের জালে একটি কুমিরের বাচ্চা ধরা পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী ও মৎস্যজীবীদের মধ্যে।
মাতলা নদীতে নিয়মিত মাছ ধরতে যান এলাকার মৎস্যজীবীরা। সোমবার সকালে মৎস্যজীবীরা জাল ফেলেন। হঠাৎই কুমিরের ওই ছানাটি উঠে আসে। ছানাটিকে জালে দেখতে পেয়ে প্রথমে মুহূর্তের জন্য হতবাক হয়ে যান মৎস্যজীবীরা। পরে স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় কোনো রকম আঘাত না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে নিরাপদে পুনরায় মাতলা নদীর বুকেই ছেড়ে দেওয়া হয়।
নদীর জলে কুমিরের ছানা পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই বড় কুমিরের উপস্থিতি নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে ওই এলাকায়। মা কুমির বা অন্য কোনও বড় কুমির আশেপাশে ঘাপটি মেরে রয়েছে কি না, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।
সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ক্যানিংয়ের ওই এলাকার মৎস্যজীবী ও সচেতন নাগরিকরা আপাতত মাতলা নদীতে না নামার কড়া পরামর্শ দিয়েছেন। নদী তীরবর্তী গ্রামের বাসিন্দাদের বিশেষ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, পরবর্তী পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত যেন কেউ নদীতে মাছ ধরতে বা অন্য কোনো প্রয়োজনে যেন জলে না নামেন। এই ঘটনায় এলাকায় বন দফতরের নজরদারি ও হস্তক্ষপের দাবিও জোরালো হচ্ছে।