Amitabh Bachchan Jalsa Threat: বাংলো উড়িয়ে দেওয়ার হুমকির মাঝেই ‘জলসা’র ভিতর থেকে রহস্যময় পোস্ট অমিতাভের! এবার ঠিক কী ঘটল? | Amitabh bachchan cryptic post bach gaye amid jalsa bomb threat bishnoi gang arrest - 24 Ghanta Bangla News
Home

Amitabh Bachchan Jalsa Threat: বাংলো উড়িয়ে দেওয়ার হুমকির মাঝেই ‘জলসা’র ভিতর থেকে রহস্যময় পোস্ট অমিতাভের! এবার ঠিক কী ঘটল? | Amitabh bachchan cryptic post bach gaye amid jalsa bomb threat bishnoi gang arrest

Spread the love

মুম্বইয়ের জুহুতে বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ ঘিরে এখন নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপ। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই শার্প শ্যুটারকে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করার পর থেকেই মেগাস্টারের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশের সন্দেহ, ধৃতদের নিশানায় ছিলেন স্বয়ং অমিতাভ বচ্চনও। আর এই চরম আতঙ্ক ও নিরাপত্তা বলয়ের মাঝেই গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় অমিতাভের একটি রহস্যময় পোস্ট ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।

কী লিখেছেন অমিতাভ বচ্চন?
গত ১৫ এবং ১৬ নভেম্বরের মধ্যরাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাত্র দুটি শব্দ লেখেন অমিতাভ— “বচ গয়ে” অর্থাৎ বেঁচে গেলাম। ঠিক কোন প্রসঙ্গে বা কী থেকে তিনি বেঁচে গেলেন, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি বিগ বি। তবে ‘জলসা’য় হামলার ছক ও পরপর হুমকি ইমেলের আবহে তাঁর এই সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ পোস্ট নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং পাঞ্জাবের বাসিন্দা দীপক সিং ওরফে দীপকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, এই দু’জন পৃথক দুটি খুনের ছক কষেছিল। তোলাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে খুনের দায়িত্ব ছিল বিকাশের ওপর। অন্যদিকে, মুম্বইয়ে আত্মগোপন করে থাকা দীপকের ওপর দায়িত্ব ছিল অমিতাভ বচ্চনের বাড়িতে হামলার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রথমে বিকাশকে এবং পরে মুম্বই থেকে দীপককে পাকড়াও করে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে অতীতে অমিতাভ বচ্চনের করা কোনও মন্তব্যের জেরেই তাঁকে নিশানা করার ছক কষা হয়েছিল। তবে এই ষড়যন্ত্রের নেপথ্যে মূল মাথা কে এবং ঠিক কী কারণে এই পরিকল্পনা, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।

শ্যুটার গ্রেপ্তারের পাশাপাশি গত এক মাসে তিন-তিনটি হুমকি ইমেলে নাম জড়িয়েছে অমিতাভের বাংলো ‘জলসা’র।

প্রথম ইমেল (২৩ অক্টোবর): ‘জলসা’ এবং মেয়র ঋতু তাওড়ের দপ্তরে হামলার হুমকি দেওয়া হয়।

দ্বিতীয় ইমেল (৬ নভেম্বর): ‘জলসা’র পাশাপাশি বম্বে হাইকোর্ট এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) হামলার সতর্কবার্তা আসে। ওই ইমেলে ‘খালিস্তান’-এর নাম উল্লেখ করে আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়।

তৃতীয় ইমেল (১২ নভেম্বর): ফের ‘জলসা’, মুম্বই বিমানবন্দর, মেয়রের অফিস এবং একাধিক ব্যাঙ্কে নাশকতার হুমকি আসে।

প্রতিটি ক্ষেত্রেই মুম্বই পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি। তবে কোনও ঝুঁকি না নিয়ে জুহুতে ‘জলসা’র বাইরে ব্যারিকেড বসিয়ে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অমিতাভ বচ্চনের বাসভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *