ছটপুজোর চাঁদা নিয়ে বচসা, ভাঙচুর, আক্রান্ত মহিলারাও
এই সময়, দুর্গাপুর: ছটপুজোর ঘাটে চাঁদা সংগ্রহকে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের লিঙ্ক পার্ক এলাকায়। ৫০০ টাকা চাঁদা দাবি করা হয়। স্থানীয় এক ব্যক্তি ৩০০ টাকা দেবেন বলে জানান। এই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, বচসা থেকে হয় হাতাহাতি। পরে একটি দোকানে ঢুকে ভাঙচুর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। একজন আহত হয়। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আশিসকুমার মোদী নামে একজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজো ঘাটে কুপন বিলি করে চাঁদা সংগ্রহ করছিলেন ছট কমিটির সদস্য দীনেশ বার্নোয়াল, মুকেশ সিং, সুরজ বার্নোয়াল-সহ বেশ কয়েকজন। অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে দাবি করা হচ্ছিল। সেই সময়ে মণীশ মোদী নামে এক ব্যক্তি ৩০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। এই নিয়েই কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে গড়ায়।
অভিযোগ, মণীশ ও তাঁর তিন ভাইকে মারধর করা হয়। এমনকী পরিবারের মহিলাদেরও রেয়াত করা হয়নি। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় এক যুবক কেশব কুমার বলেন, ‘ছটঘাটে পুজো দেওয়ার জন্য় ৫০০ টাকা করে দাবি করছিল স্থানীয় ছট কমিটি। আমরা বলেছিলাম ২০০ থেকে ৩০০ টাকা নিতে। কিন্তু ওরা সেটা মানেনি। মারধর করেছে। মহিলাদেরও মাটিতে ফেলে মারধর করেছে।’ এই ঘটনায় একটি দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয়। হাতাহাতির ঘটনায় সুরজ বার্নোয়াল নামে এক ব্য়াক্তির মাথায় আঘাত লাগে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই প্রায় ছ’হাজার ছটব্রতীকে পুজোর সামগ্রী প্রদান করেছেন। পুজোর পরে প্রতিটা ঘাট পরিষ্কার করার জন্য় স্থানীয় ছট কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তার পরেও কেন চাঁদা তোলা হচ্ছে? এই প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘ছটপুজোর জন্য় চাঁদা তোলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার তীব্র নিন্দা করছি। মানুষ স্বেচ্ছায় চাঁদা দেবেন। জোরজুলুম করে চাঁদা নেওয়া উচিত নয়। একজনকে আটক করেছে পুলিশ। আটক যুবককে ছাড়ানোর জন্য় কয়েকজন আমাকে ফোন করেছিলেন। সাফ বলে দেওয়া হয়েছে, অন্য়ায় করে থাকলে শাস্তি পেতে হবে। পুলিশ আইনানুযায়ী ব্য়াবস্থা নেবে।’