৪ লক্ষ গেস্ট, মেনুতে ১৫০ পদ, জামাইয়ের জন্য ৩ কোটির গাড়ি! রইল বিধায়কের মেয়ের ফটো অ্যালবাম

বিয়েবাড়িতে অতিথি আপ্যায়নের জন্য কত আয়োজন করা যায়? বড়জোর হাজার খানেক আমন্ত্রিতের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা, সাজসজ্জা আর গানবাজনা! কিন্তু অতিথির সংখ্যা যদি হয় ৪ লক্ষ? খাবারের পদ যদি থাকে দেড়শোরও বেশি? আর হবু জামাইয়ের উপহার যদি হয় ৩ কোটি টাকার গাড়ি? শুনতে অবাক লাগলেও, বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গীর বিয়েকে ঘিরে এমনই এলাহি আয়োজনের খবর সামনে এসেছে। বিয়ের আগেই এই আয়োজন নিয়ে চর্চা শুরু হয়েছে দেশজুড়ে।

বিভিন্ন সংবাদমাধ্যম্যের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর ২০২৬ অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর সঙ্গে বিয়ে হবে ঋষিকেশ কুমারের। পাটনার লদমা গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতেই বসবে বিয়ের আসর।

বিয়ের আয়োজনের প্রথম চমকই হলো প্যান্ডেল। প্রায় ১০ বিঘারও বেশি জমি জুড়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেল সাজানো হচ্ছে আগ্রার তাজমহলের আদলে। পাশাপাশি থাকছে লালকেল্লার অনুকরণে তৈরি আরও একটি প্যান্ডেল। উত্তরপ্রদেশের মউ থেকে আসা শিল্পী ও কারিগরেরা দিনরাত কাজ করছেন এই সাজসজ্জার জন্য।

শুধু প্যান্ডেল নয়, বিয়ের মঞ্চও নজর কাড়তে চলেছে। জয়মালার জন্য তৈরি হচ্ছে প্রায় ৩০ ফুট উঁচু মঞ্চ। মঞ্চের নকশায় জয়পুরের একটি পরিচিত স্থাপত্যের আদল রাখা হচ্ছে। সাজানোর জন্য ফুল আসছে চিন এবং বেঙ্গালুরু থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আনা হচ্ছে সাজসজ্জার সামগ্রী।

এ বার আসা যাক খাওয়াদাওয়ার কথায়। এই বিয়েতে প্রায় ৪ লক্ষ অতিথির জন্য খাবারের ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। মেনুতে থাকছে ১৫০টিরও বেশি পদ। বিহারের নিজস্ব খাবার লিট্টি-চোখা থেকে শুরু করে অন্যান্য রাজ্যের জনপ্রিয় পদও জায়গা পাবে এই তালিকায়। মিষ্টির তালিকায় থাকছে কাজু কাতলি এবং নালন্দার বিখ্যাত ৫২ পরতের সিলাও খাজা। অর্থাৎ, বিয়ের ভোজে আঞ্চলিক খাবারের পাশাপাশি থাকছে নানা স্বাদের আয়োজন।

বিয়ের উপহারের তালিকাও কম চমকপ্রদ নয়। হবু জামাই ঋষিকেশের জন্য ৩ কোটি টাকা মূল্যের Land Rover Defender কেনা হয়েছে।

অন্য দিকে, অনন্ত সিংয়ের ছোট ছেলে অভিনবের জন্য প্রায় ১ কোটি টাকার BMW-র ব্যবস্থাও করা হয়েছে। অনন্ত সিংয়ের বড় জামাই পুনীত কুমার জানিয়েছেন, শিবাঙ্গী নিজেই Defender গাড়িটি পছন্দ করেছিলেন এবং জন্মদিনে তাঁকে সেটি উপহার দেওয়া হয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে থাকছে ঘোড়দৌড়ের প্রতিযোগিতাও। এর জন্য প্রায় ১২ বিঘা জমির আলাদা মাঠ প্রস্তুত করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা আসবেন বলে পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি SUV, দ্বিতীয় পুরস্কার মোটরবাইক এবং তৃতীয় পুরস্কার স্কুটার। অর্থাৎ, বিয়ের আনন্দের সঙ্গে থাকছে খেলাধুলার আয়োজনও।

অতিথি তালিকাতেও রয়েছে চমক। বিভিন্ন সংবাদমাধ্যম্যের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বলিউড ও ভোজপুরী বিনোদন জগতের শিল্পীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের যাতায়াত এবং নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।