হোমিওপ্যাথি পাশ করার পরের বছরই MBBS! কড়া স্বাস্থ্য দপ্তর - 24 Ghanta Bangla News
Home

হোমিওপ্যাথি পাশ করার পরের বছরই MBBS! কড়া স্বাস্থ্য দপ্তর

Spread the love

এই সময়: এক চিকিৎসকের জোড়া ডিগ্রি ঘিরে দানা বেঁধে থাকা রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি— ডাক্তারির দুই পৃথক শাখার কাউন্সিলেই নথিভুক্ত এক চিকিৎসকের দু’টি ডিগ্রি অর্জনের মধ্যেকার ব্যবধান মাত্র এক বছরের। বর্তমানে কলকাতায় ডায়াবিটিস বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করা ওই চিকিৎসকের নথিপত্র প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তোলপাড় শুরু হয়েছে। এর রেশ ধরেই রাজ্য জুড়ে ভুয়ো ও সন্দেহজনক ডিগ্রিধারী চিকিৎসকদের শিকড় পর্যন্ত পৌঁছতে নজিরবিহীন কঠোর পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সন্দেহভাজন ওই চিকিৎসক ২০০১–এ হোমিওপ্যাথি ডিএইচএমএস ডিপ্লোমা অর্জন করে নথিভুক্ত হন রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিলে। আর তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০০২–এই এমবিবিএস পাশ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত হন। চিকিৎসক মহলের প্রশ্ন, হোমিওপ্যাথি পাশ করার মাত্র এক বছরের মধ্যে কী ভাবে একজন চিকিৎসক অ্যালোপ্যাথি ডিগ্রি পেলেন এবং দু’টি কাউন্সিলেই কী ভাবে তাঁর বৈধ রেজিস্ট্রেশন নম্বর এলো?

রাজ্যে চিকিৎসকের ভুয়ো ডিগ্রি ও জাল সার্টিফিকেট সামনে আসার পরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার রেজিস্টার্ড চিকিৎসকের নথি পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, রাজ্যে এ ধরনের আরও অনেক সন্দেহজনক ডিগ্রিধারী চিকিৎসক এখনও ঘাপটি মেরে থাকতে পারেন। তাই, ভুয়ো ডাক্তারদের চিহ্নিত করতে তড়িঘড়ি সকল রেজিস্ট্রেশন নম্বর রি-ভেরিফিকেশন বা ক্রস–চেক করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের ১ লক্ষ ১০ হাজার রেজিস্টার্ড অ্যালোপ্যাথি চিকিৎসকের যে বৈধতা যাচাই পর্ব শুরু হয়েছে, তাতেই ধরা পড়ে যাবেন ভুয়ো ডাক্তাররা।

অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিংহোমস–এর সম্পাদক রাজীব পাণ্ডে এই ধরনের জালিয়াতি ও ভুয়ো ডিগ্রি চক্রের বিরুদ্ধে গোড়া থেকেই সরব। তাঁর মতে, ‘মাত্র এক বছরের ব্যবধানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির দু’টি ডিগ্রি পাওয়া যে সম্ভব নয়, তা সকলেই জানে। তার পরেও কী ভাবে এটা সম্ভব হলো, তা নিয়ে আমরা তদন্তের দাবি জানাচ্ছি।’ রাজীবের অভিযোগ, রাজ্য জুড়ে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, ওটি–টেকনিশিয়ান বা অন্যেরা ভুয়ো ডিগ্রি ও ভিন রাজ্যের জাল শংসাপত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন হাতিয়ে চিকিৎসা করছেন। এই দুর্নীতির নেপথ্যে যে শক্তিশালী চক্র কাজ করছে, তাদের নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে তাঁর অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *