প্রেমের সম্পর্কে সিলমোহর, আংটি বদল দেবাংশুর, কবে বিয়ে, পাত্রীই বা কে?
রাজনীতির ময়দানে পরিচিত মুখ তিনি। কখনও দলের হয়ে সওয়াল, কখনও বিরোধীদের সঙ্গে টক্কর, আবার কখনও নির্বাচনী লড়াই, সব মিলিয়ে গত কয়েক বছরে বাংলার রাজনৈতিক মহলে চর্চায় থেকেছেন দেবাংশু ভট্টাচার্য। এ বার অবশ্য ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তৃণমূলের এই যুবনেতা। রবিবার আংটি বদল সারলেন দেবাংশু। সমাজমাধ্যমে নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন। তবে হবু স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনেননি দেবাংশু। সোশ্যাল মিডিয়ায় তিনি শুধু লিখেছেন ‘এনগেজড’। তার পর থেকেই নানা মহলে শুরু হয়েছে চর্চা। কাকে মন দিলেন দেবাংশু? কৌতূহল ক্রমশ বেড়েই চলেছে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, দেবাংশুর হবু স্ত্রীর নাম মেঘনা শর্মা। পেশায় বিমানসেবিকা। জনপ্রিয় বিমানসংস্থায় চাকরি করেন তিনি। মেঘনার বাড়ি উত্তরপাড়ায়। পড়াশোনা করেছেন উত্তরপাড়া টাউন গার্লস হাইস্কুল থেকে। স্কুল শেষ করে এয়ারহস্টেস-এর ট্রেনিং নেন। শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারেন দু’জনে। আংটি বদলের পর এ বার সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষা। মেঘনা রাজনীতির মানুষ নন। মেঘনা যে পেশার সঙ্গে যুক্ত, তার সঙ্গে রাজ্য-রাজনীতির পরোক্ষ এবং প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই। তা হলে দেবাংশুর সঙ্গে কোন সূত্রে পরিচয় মেঘনার? কী ভাবে গড়ে উঠল তাঁদের সম্পর্ক? এখন পর্যন্ত এই প্রেমের গল্পের আঁচ পাওয়া যায়নি।
ছাত্ররাজনীতির হাত ধরে দেবাংশুর রাজনৈতিক পথচলা শুরু। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকার পরে ধীরে ধীরে যুব তৃণমূলের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রচারে তাঁর লেখা ‘খেলা হবে’ গান বিপুল জনপ্রিয়তা পায়। সেই স্লোগান পরবর্তী সময়ে দলের নির্বাচনী প্রচারের অন্যতম পরিচিত হাতিয়ার হয়ে ওঠে।