‘অ্যাবাউট অ্যান ইনটিমেট ম্যাটার’ ছবি নিয়ে উচ্ছ্বসিত শ্রেয়া | Actress shreya bhattacharya speaks about her film being selected for the busan international film festival
‘অ্যাবাউট অ্যান ইনটিমেট ম্যাটার’ ছবিটির সঙ্গে বাংলার যোগ রয়েছে। সেই ছবি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়ার কারণে উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। টিভি নাইন বাংলাকে শ্রেয়া জানালেন, ”এই ছবিটা পরিচালনা করেছেন সন্দীপ কুমার পাল। ২০২৪-এ গুসকরাতে ছবিটার শুটিং হয়। এখানে একজন শিক্ষিকার গল্প রয়েছে। ছবিটার মধ্যে রাজনৈতিক ভাবনা যেরকম রয়েছে, তেমনই সমকামী প্রেমের বীজ রয়েছে। এই শিক্ষিকার কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়। তাঁর জীবন নিয়েই গল্প।”
শ্রেয়া যোগ করলেন, ”এই ছবিটা নিয়ে উচ্ছ্বাসের কারণ হলো, শুরুতে কোনও ফেস্টিভ্যালে যে ছবিটা জায়গা করতে পারছিল, তা নয়। আমাদের ছবির তিনজন প্রযোজক চেষ্টা করছিলেন। তারপর একদিন একটা শুটিং করছিলাম। সেখানে খবর পাই যে, ছবিটা বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। এই খবরটা যখন পাই, তখন থেকেই উচ্ছ্বসিত ছিলাম। এটাই আমার প্রথম ছবির জন্য সাউথ কোরিয়া যাওয়া। সেখানে যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি, সেটার জন্য অভিভূত। ওখানে গিয়ে সিনেমা নিয়ে আলোচনা করা, সকলে যে প্যাশন নিয়ে সিনেমা দেখেন, তার অংশ হওয়া, সব কিছুই যেন আমার কাছে উপহার।”
শহর জুড়েও এই ছবি নিয়ে চর্চা হচ্ছে। শ্রেয়া টিভি নাইন বাংলাকে জানালেন, আরও কিছু ফেস্টিভ্যালে এই ছবি যাক, সেরকমই চান তিনি। এই ছবির পাশাপাশি শ্রেয়া অভিনীত ‘মাশরুম’ ছবিটি মুক্তি পাবে ডিসেম্বর মাসে। সেই ছবি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। শ্রেয়া আর শমীক দু’ জনেই অভিনয় করেছেন ছবিটিতে।