Rajesh Sharma: শুটিংয়ে বিষাক্ত পোকার কামড়েই অসুস্থ হয়েছিলেন? সত্যিটা বলেই ফেললেন রাজেশ শর্মা | Rajesh sharma dismisses insect bite rumours on prabhas fauzi set
প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র সেটে বিষাক্ত কামড়ের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে— সম্প্রতি এই সমস্ত জল্পনা ও গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। এই খবর প্রকাশ্যে আসার কয়েকমাস পর, অবশেষে রাজেশ মুখ খুললেন এবং তাঁর ঠিক কী হয়েছিল ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অনুরাগীদের জানালেন।
চলতি বছরের জুলাই মাসে অভিনেতা ঘনিষ্ঠ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে, ‘ফৌজি’-র শুটিং চলাকালীন বিশাক্ত পোকামাকড়ের কামড়ে রাজেশ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ স্পষ্ট করেছেন যে, এই খবর সম্পূর্ণ ভুল এবং প্রভাস অভিনীত এই ছবির সেটে এমন কোনও ঘটনাই ঘটেনি।
৫৫ বছর বয়সী এই অভিনেতা জানান যে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর ডান পায়ে ত্বকের সমস্যায় ভুগছিলেন, যা শেষ পর্যন্ত গভীর সংক্রমণে পরিণত হয়। তিনি বলেন, তাঁর ডায়াবেটিসের মাত্রা খুব বেশি থাকায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল, যদিও প্রথমদিকে তিনি ব্যাপারটিকে একেবারেই গুরুত্ব দেননি।
আদতে কী ঘটেছিল তার বিস্তারিত বিবরণ দিয়ে রাজেশ বলেন, “এটি সম্পূর্ণ ভুয়ো খবর। প্রভাসের ছবির সেটে কিছুই হয়নি। প্রভাস বা ইউনিটের কেউই এর জন্য দায়ী নন। ওঁরা খুব ভালো মানুষ। হায়দরাবাদে শুটিং চলাকালীন আমার সঙ্গে কিছুই হয়নি। আমি কলকাতায় ফিরে আসার এক বা দু’দিনের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। কারণ আমার ডায়াবেটিস খুব বেশি ছিল এবং আমি প্রথমে ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দিইনি।”
অভিনেতা আরও স্পষ্ট করে জানিয়েছেন যে তাঁর ডান পায়ের ত্বকের সমস্যা কোনও পোকামাকড়ের কামড়ের কারণে হয়নি। ঘনিষ্ঠর সেই বার্তা নিয়ে বলতে গিয়ে রাজেশ শর্মা বলেন যে, অভিনেত্রী শুধুমাত্র উদ্বেগের বশবর্তী হয়েই তথ্যটি শেয়ার করেছিলেন, কিন্তু তাঁকে ভুল খবর দেওয়া হয়েছিল।
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজেশ এখন জানিয়েছেন যে তাঁর চিকিৎসা শেষ হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার বিষয়ে আশাবাদী অভিনেতা।
অন্যদিকে, দক্ষিণী সুপারস্টার প্রভাস বর্তমানে হনু রাঘবপুড়ির ‘ফৌজি’ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।