মমতা সরকার সংখ্যালঘু বলতে বুঝত মুসলিমই, পূর্বসূরিকে বিঁধে শিখদের প্রশংসায় শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

মমতা সরকার সংখ্যালঘু বলতে বুঝত মুসলিমই, পূর্বসূরিকে বিঁধে শিখদের প্রশংসায় শুভেন্দু

Spread the love

এই সময়: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্বতন তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায় বলতে শুধু মুসলিম সম্প্রদায়কেই বুঝত বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড়বাজারে রবিবার একটি গুরুদ্বারের অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে তিনি ‘বড় শিখ সঙ্গত’–এর প্রার্থনায় যোগ দেন। শোভাযাত্রায় হাঁটেন।

এই কর্মসূচির শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এঁরাই (শিখ সম্প্রদায়) হলেন প্রকৃত রাষ্ট্রভক্ত। আমাদের সনাতনকে রক্ষা করেছেন গুরুদেব। আমাকে ওঁরা বলতে বলেছিলেন, আমি বলেছি। প্রকাশ পরব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছি। আমি বলেছি, সংখ্যালঘু মানে শুধু একটি সম্প্রদায় নয়, শিখরাও সংখ্যালঘু। আগের সরকার সংখ্যালঘু বলতে শুধু মুসলিম জানত। শিখরাও সংখ্যালঘু, বৌদ্ধ, জৈনরাও সংখ্যালঘু।’

যদিও শুভেন্দুর এই বক্তব্য খারিজ করে মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের জবাব, ‘মুখ্যমন্ত্রী একেবারে ভিত্তিহীন কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংখ্যালঘু বলতে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ–সহ আর যাঁরা আছেন, সবাইকে সম্মান দিয়েছেন। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে মমতা গিয়েছেন। এই ধরনের বিকৃত বিবৃতি ঠিক নয়।’

আবার শুভেন্দু যখন গুরুদ্বারের অনুষ্ঠানে গিয়ে সরাসরি আগের মমতা সরকারকে আক্রমণ করেছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বেহালায় ছটপুজোর অনুষ্ঠান থেকে নাম না–করে বিরোধী পক্ষকে বিভাজনের রাজনীতি করার জন্যে দুষেছেন। হিন্দুদের এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন।

ছটপুজোর মঞ্চ থেকে সুকান্ত বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এক রহোগে তো সেফ রহোগে। কিছু রাজনৈতিক শক্তি ভাগ করতে চায়। কেউ বাংলাভাষী, কেউ বাংলাভাষী হিন্দু, কেউ উত্তরপ্রদেশের, বিহারের— এই সব কথা বলে ভাগ করতে চায়। অন্যদের বেলায় তারা এই ভাগ করে না।’ এই বিভাজনের কৌশলকে ঠেকানোর জন্যে সুকান্তর আহ্বান, ‘হিন্দুদের এক হয়ে থাকতে হবে। এই মন্ত্র নিয়ে আমাদের চলতে হবে। এই ভূমি বার বার খণ্ডিত হয়েছে। শুধু ১৯৪৭–এ হয়নি, তার আগেও হয়েছে। ব্রহ্মদেশ চলে গিয়েছে, আফগানিস্তান চলে গিয়েছে। এটা আর হতে দেওয়া যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *