প্রত্যন্ত কুমারগ্রামে জেন জ়ি কিনেছে ‘কেন আমি নাস্তিক’
সুজিত রায়, আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারের কুমারগ্রামের মতো প্রত্যন্ত এলাকায় তরুণ প্রজন্মের মধ্যে আচমকা ভগৎ সিং-এর ‘কেন আমি নাস্তিক’ (হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট) পড়ার ধুম লেগে যাবে- তা কল্পনাও করেননি সিপিএম নেতৃত্ব। ১৯৩১-এ ব্রিটিশ ভারতের লাহোর (বর্তমানে পাকিস্তান) থেকে প্রকাশিত ‘পিপল’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ভগৎ সিংয়ের লেখা ওই প্রবন্ধ। পরে সেই ৫,৭৯০ শব্দের প্রবন্ধটি আলাদা করে একটি বই আকারে প্রকাশ পায়। ‘সর্বব্যাপী ও সর্বজ্ঞ ঈশ্বরের অস্তিত্বের প্রতি আমার অবিশ্বাসের কারণ কি আমার উদ্ধত অহঙ্কার ও দন্ত-এটি একটি বিতর্কের বিষয়।’ এই কথাগুলি দিয়েই বইটি শুরু হয়েছে। হাসতে হাসতে ফাঁসিবরণ করে নেওয়া সেই তরুণ ভগৎ সিংকে একজন স্বাধীনতা সংগ্রামী এবং সশস্ত্র বিপ্লবী হিসেবেই মনে রেখেছেন বহু ভারতবাসী। তবে তিনি যে একজন দার্শনিকও ছিলেন, সে কথা কতজন জানেন?