গোপালগঞ্জে আওয়ামী লীগের মহড়ার পর যৌথ বাহিনীর অভিযান? ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল বিভ্রান্তি

ঢাকা: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, (Gopalganj)অগ্নিসংযোগ এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যৌথ বাহিনীর একটি অভিযানের ভিডিও।…
ঢাকা: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, (Gopalganj)অগ্নিসংযোগ এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যৌথ বাহিনীর একটি অভিযানের ভিডিও। দাবি করা হচ্ছে, গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী চিরুনি অভিযান চালিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এবং একাধিক ব্যক্তিকে আটক করছেন। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিওর সঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে সম্পূর্ণ অন্য একটি ঘটনা।
আরও দেখুনঃ হাসিনার প্রত্যর্পণে ভারতের নতুন চাল! বাংলাদেশকে মানতে হবে দুই শর্ত
অনুসন্ধানে জানা গিয়েছে, ভিডিওটি গোপালগঞ্জের নয়, বরং ২০২৫ সালের মার্চ মাসে গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর একটি অভিযানের দৃশ্য। অর্থাৎ, পুরনো একটি ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার অভিযোগ সামনে আসে। শুধু তাই নয়, ওই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যায়।
স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির মধ্যে নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়তে শুরু করে। (Gopalganj )এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযানের ভিডিওটি ভাইরাল হওয়ায় অনেকেই সেটিকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন।
তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে সম্পূর্ণ ভিন্ন তথ্য সামনে এনেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটির সঙ্গে গোপালগঞ্জের কোনও যোগসূত্রও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পরিচালিত একটি বিশেষ অভিযানের দৃশ্য এটি। সেই অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ‘NEWS NOW বাংলা’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১ মার্চ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনেও স্পষ্টভাবে টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ, ভিডিওটির প্রকাশের তারিখ এবং ঘটনার বিবরণ যাচাই করলেই বোঝা যায়, সেটিকে গোপালগঞ্জের সাম্প্রতিক অভিযানের দৃশ্য হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ২০২৫ সালের ১ মার্চের একটি প্রতিবেদনেও। প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালানো হয়েছিল। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। সেই অভিযানের ভিডিওই বর্তমানে গোপালগঞ্জের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।
অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থানও সামনে এসেছে। জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সরকার গোপালগঞ্জে বিজিবি ও পুলিশের সদস্যসংখ্যা বাড়িয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এখনই বলপ্রয়োগের পথে হাঁটতে চাইছে না সরকার। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও গত ১৫ নভেম্বর রাতে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর কথায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জকেন্দ্রিক মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কেউ সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।