Showroom Murder: ট্রায়াল রুমে কাটা গেল ১৮ বছরের তরুণীর গলা! শহরের শপিং মলে ভয়ঙ্কর ঘটনা | Delhi Showroom Murder: Chilling CCTV Shows 18 Year Old Woman Dragged into Trial Room Before Being Killed
নয়াদিল্লি: একটি পোশাকের শোরুমের ট্রায়াল রুমের ভেতর ১৮ বছর বয়সী এক তরুণীকে নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ। দিল্লির এই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে সামনে, শিউরে ওঠার মতো দৃশ্য তাতে। ঘটনায় মূল অভিযুক্ত সুরজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম শবনম। পশ্চিম দিল্লিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি এবং মোতি নগর মেট্রো স্টেশনের কাছে ওই পোশাকের শোরুমে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় তাঁর কাজের শিফট শেষ হওয়ার ঠিক মুখেই শোরুমে ঢুকে পড়ে অভিযুক্ত সুরজ।
সামনে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শোরুমের কাচের দরজা থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি চেয়ারে বসেছিলেন শবনম। সেই সময় কমলা রঙের টি-শার্ট পরা এক যুবক শোরুমে ঢুকেই সরাসরি শবনমের ওপর চড়াও হয়। অভিযুক্ত যুবক তাঁকে মারধর করে এবং চুলের মুঠি ধরে টেনে দাঁড় করায়। ফুটেজে তরুণীকে কাঁদতে দেখা গিয়েছে। এরপরই অভিযুক্ত তাঁকে টেনেহিঁচড়ে ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যায়, যেখানে পরে গলা কাটা এবং রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
শনিবার রাত ৯টা নাগাদ শোরুম বন্ধ করার প্রস্তুতি নেওয়ার সময় কর্মীরা ট্রায়াল রুমগুলো পরীক্ষা করতে গিয়ে শবনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার পর অভিযুক্ত সুরজ দিল্লি ছেড়ে পালানোর চেষ্টা করলেও, পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত সুরজ এবং নিহত শবনম পূর্বপরিচিত ছিলেন। একসময় তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকলেও পরবর্তীতে সম্পর্ক ভেঙে গিয়েছিল। একতরফা প্রেম এবং ব্যক্তিগত বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে শোরুমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সব দিক থেকে তদন্ত চালানো হচ্ছে।