Blast Conspiracy: দ্বাদশ শ্রেণি পাশ করেই প্রেম, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিককে নাশকতায় যুক্ত! কে এই তরুণী? | Love drugs and pakistan link how punjab class 12 graduate mahakdeep kaur plotted rajasthan blast
নয়াদিল্লি: প্রেমের ফাঁদ, পারিবারিক মাদক চক্র আর সীমান্তপারের পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশ—এই ত্র্যহস্পর্শেই রাজস্থানের রেল স্টেশনে বিস্ফোরণের ছক কষেছিল পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা মহকদীপ কৌর। দ্বাদশ শ্রেণি পাশ এই তরুণী কীভাবে পাকিস্তানের অপরাধ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে গত ৩ নভেম্বর রাজস্থানে বিস্ফোরণ ঘটানোর মতো বড়সড় নাশকতার দায়িত্ব পেল, তদন্তে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুদাসপুরের দোস্তপুর গ্রামের বাসিন্দা মহকদীপ সরাসরি ‘শাহ’ নামক এক পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে কাজ করত। এই নাশকতার কাজে সে চোর কালান গ্রামের বাসিন্দা দেবীন্দর সিংকেও যুক্ত করে। পুলিশের সন্দেহ, রাজস্থানে গিয়ে রেললাইনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বসানোর জন্য ওই দু’জনকে ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই গুরুদাসপুরের কালানৌর এলাকা থেকে রাজস্থান পুলিশ ওই দু’জনকে আটক করেছে এবং তাদের হেফাজত থেকে দুটি পিস্তলও উদ্ধার হয়েছে।
তদন্তকারীদের অনুমান, নিজের পরিবার ও শ্বশুরবাড়ির সূত্র ধরেই সীমান্তপারের অপরাধ জগতের সঙ্গে পরিচয় ঘটে মহকদীপের। তার প্রাক্তন স্বামী বাউপুর গ্রামের করণ দীপ সিং এবং তার এক তুতো ভাই পাকিস্তানি পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিল এবং সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান সংগ্রহ করত। পুলিশের সন্দেহ, এই সূত্রেই পাকিস্তানি হ্যান্ডলার ‘শাহ’-এর সঙ্গে আলাপ হয় মহকদীপের এবং টাকার বিনিময়ে সে সরাসরি তার হয়ে কাজ শুরু করে। উল্লেখ্য, প্রায় এক বছর আগে মাদক ও অস্ত্র উদ্ধার মামলায় মহকদীপের প্রাক্তন স্বামী গ্রেফতার হয়েছিল। বর্তমানে মাদক মামলায় জেলবন্দী রয়েছে মহকদীপের ভাইও।
তদন্তে মহকদীপ ও দেবীন্দর সিংয়ের সম্পর্কের দিকটিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেবীন্দরের পরিবারের দাবি, গ্রেফতারের মাস তিনেক আগে মহকদীপের সঙ্গে তার পরিচয় হয় এবং দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেবীন্দরের মা বলজিৎ কৌর এবং পিসি সুখবিন্দর কৌরের অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেবীন্দরকে সম্পর্কের জালে ফাঁসিয়েছিল মহকদীপ এবং পরবর্তীতে তাকে এই অপরাধমূলক ও নাশকতামূলক কাজকর্মে জড়িয়ে ফেলে। এই চক্রের মাধ্যমে সীমান্তপার থেকে অবৈধ অস্ত্র ও মাদক পাচারের বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।