আবাস যোজনার টাকা থেকে কাটমানি, কাঠগড়ায় উপপ্রধান
এই পরিস্থিতিতে এ বার আবাসের জমি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত রায় এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এ বিয়ে অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ), দেগঙ্গার বিডিও এবং পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন শিবদাস মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর, গত প্রায় দু’দশক ধরে দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের বিশ্বনাথপুরের রামনাথপুর গ্রামে ভাড়া থাকেন শিবদাস। ২০২৪-’২৫ আর্থিক বছরে তিনি ‘দিদিকে বলো’–তে ফোন করে আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন। শিবদাসের অভিযোগ, আবাসের প্রাপক তালিকায় তাঁর নাম নথিভুক্ত হওয়ার পরেই পঞ্চায়েতের উপপ্রধান তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সেই সময় শিবদাস উপপ্রধানকে জানান, তাঁর নিজস্ব কোনও জমি নেই। ফলে আবাসের টাকা পেলেও তিনি বাড়ি তৈরি করতে পারবেন না। সেটা শুনে উপপ্রধান সুকান্ত রায় এবং স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ তাঁকে আশ্বাস দেন, তাঁরাই জমির ব্যবস্থা করে দেবেন। তাঁদের কথা মতো আবাসের প্রথম কিস্তির টাকা তুলে নেন শিবদাস। তা থেকে ২০ হাজার টাকা কাটমানি নেন উপপ্রধান।