ISRO: দেশের বিজ্ঞানীদের জন্য বিরাট সুযোগ আনল ইসরো, খুলে দেওয়া হল বিশ্বমানের অবজার্ভেটরি! – Bengali News | Indian Space Research Organisation: ISRO has brought a great opportunity for the country’s scientists, a world class observatory has been opened!
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো গত সোমবার X-ray Polarimeter Satellite বা XPoSat-এর জন্য প্রথম ‘অ্যানাউন্সমেন্ট অফ অপরচুনিটি’ সাইকেল ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিজ্ঞানী ও গবেষকদের জন্য এ এক ঐতিহাসিক সুযোগ। এই প্রথম ভারতীয় মহাকাশ গবেষকরা দেশের মাটিতে বিশ্বমানের স্পেস অবজারভেটরি ব্যবহার করার সুযোগ পাবেন।
২০২৪ সালের ১লা জানুয়ারি PSLV C-58 রকেটের মাধ্যমে XPoSat-এর উৎক্ষেপণ করা হয়েছিলও। এটি ভারতের প্রথম ডেডিকেটেড এক্স-রে পোলারিমেট্রি মিশন, যা মহাকাশের কঠিন পরিবেশে বিভিন্ন গবেষণা করতে পারবে। এই কৃত্রিম উপগ্রহ নিরক্ষীয় কক্ষপথের ৬৫০ কিলোমিটার উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।
ভারতীয় বিজ্ঞানীদের জন্য বিশেষ বরাদ্দ
এই অ্যানাউন্সমেন্ট অফ অপরচুনিটিতে ইসরো মূল ফোকাস রাখছে তাদের XSPECT (X-ray Spectroscopy and Timing) পেলোডের ওপর। এর ৬০ শতাংশ সময় বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র ভারতীয় গবেষকদের জন্য।
ISRO-র বিজ্ঞান কর্মসূচী দফতর স্পষ্ট জানিয়েছে, এই সুযোগ ভারতের মহাকাশ নিয়ে গবেষণা করছেন এমন বিজ্ঞানীদের অত্যাধুনিক গবেষণার সুযোগ করে দেবে। প্রস্তাবগুলো পর্যবেক্ষণের সময়কাল হল ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া ও ডেডলাইন
দেশের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কলেজের যে কোনও বিজ্ঞানী বা গবেষক এই AO-এর জন্য যোগ্য। ৩০ নভেম্বরের মধ্যে ISSDC ওয়েবসাইটে XPPS (XPoSat Proposal Processing System) অপশনে গিয়ে গবেষণা করতে চেয়ে আবেদন করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ভারতের বিজ্ঞান ক্ষেত্রে আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।