‘ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’, সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা সন্তু পানের

কড়া বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি বিধায়ক সন্তু পান (Santu Pan)। রাজ্যের একাধিক জায়গায় ছটপুজো উপলক্ষে বাজছে ছটের গান। এই মর্মে বাঙালি সংস্কৃতির…
কড়া বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি বিধায়ক সন্তু পান (Santu Pan)। রাজ্যের একাধিক জায়গায় ছটপুজো উপলক্ষে বাজছে ছটের গান। এই মর্মে বাঙালি সংস্কৃতির প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ ও সমালোচনা। সেই সমালোচনার জবাব দিলেন সন্তু পান। ‘ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান!’ কড়া বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করেছেন যে চেষ্টা চলছে বাঙালি ও অবাঙালির মধ্যে বিভাজন তৈরি করতে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সন্তু পান ক্যাপশনে লেখেন, “ছটপুজোয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ মেতে উঠছেন, অথচ একাংশের দাবি, এটি নাকি পশ্চিমবঙ্গ বা বাঙালির সংস্কৃতি নয়।”
বিধায়ক বলেন, “এই পশ্চিমবঙ্গে যখন মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? মা কালীকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন ফিরহাদ হাকিম কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন, যাঁরা ওঁদের ধর্মের নন, যাঁরা সনাতনী হিন্দু তাঁরা নাকি দুর্ভাগা, তখন আপনি কোথায় ছিলেন? আজ যখন ফেসবুকে লিখছেন, বাঙালি-অবাঙালিকে ভাগ করার চেষ্টা করছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে থাকার চেষ্টা করছেন, তাতে আপনাদের আপত্তি। কিন্তু, তাতে আপত্তি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রামধনু-কে রঙধনু করে দেন। তখন বাঙালি সংস্কৃতির কথা মনে পড়ে না?”
তিনি আরও বলেন, “আমাদের সরকার আসার পর শ্রাবণী মেলা করেছিলাম। ১ কোটি ১০ লক্ষ পূণ্যার্থী এই তারকেশ্বরের মাটিতে এসেছিলেন। সবাই এক রয়েছে। কিন্তু আপনারাই এই সমাজের কীট। যাঁরা সোশ্যাল মিডিয়ায় বাঙালি-অবাঙালি ভাগ করতে চাইছেন। তাঁদের বিরুদ্ধে যে লড়াই সনাতনী হিন্দুরা লড়েছে। চার তারিখে তার রেজাল্ট পেয়েছেন।” সন্তু আরও বলেন, “এই পশ্চিমবঙ্গের মানুষ, এই ভারতের মানুষ আমরা প্রত্যেকে ভারতবাসী। আমরা সনাতনী হিন্দু বাঙালিরা সবাই একজোট হয়ে আছি।”
সন্তু বলেন, “আমরা সনাতনী হিন্দু বাঙালিরা সবাই একজোট হয়ে আছি। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, তাহলে বাঙালির হোমল্যান্ডের জন্য কেউ দাবিও করতেন না। আজ বাংলাদেশে বসে থাকতে হত। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলবে। সবার জন্য চলবে। উন্নয়নের জন্য চলবে। সবার উৎসবের জন্য চলবে।”