কাঞ্চনজঙ্ঘার ভিউ ও সিকিমের Offbeat Destination। Ei Samay
কী কী দেখবেন?
অ্যান্ডেনের অন্যতম আকর্ষণ জুরেলিদারা ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এবং দূরে তুষারাবৃত পর্বতশৃঙ্গের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারেন। গ্রাম থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রয়েছে হিলি। সেখান থেকে বার্সে রডোডেনড্রন অভয়ারণ্যে ঘুরে আসতে পারেন। এই গ্রামে বসন্তে পাহাড়ের ঢালে ফুটে ওঠে রঙিন রডোডেনড্রন ফুল।
কী করবেন?
অ্যান্ডেনে গেলে ট্রেকিং, বার্ড ওয়াচিং দুই হবে। হিলি থেকে প্রায় ৪ কিলোমিটারের ট্রেকিং পথ পেরিয়ে পৌঁছনো যায় বার্সে রডোডেনড্রন অভয়ারণ্যে। পথের দু’পাশে ঘন সবুজ জঙ্গল, নানা প্রজাতির পাখি এবং ফুলে ঢাকা পাহাড়ি পথ মন ভালো করে দেবে। প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের জন্যও আদর্শ জায়গা এই গ্রাম।
কখন যাবেন?
অ্যান্ডেনে সারা বছরই বেড়াতে যাওয়া যায়। তবে অক্টোবর থেকে জানুয়ারি কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার দৃশ্য দেখার আদর্শ সময়। অন্যদিকে, মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত পাহাড়জুড়ে ফুটে থাকে রডোডেনড্রন। পাখি দেখার জন্যও বছরের বিভিন্ন সময় উপযুক্ত।
কোথায় থাকবেন?
অফবিট গন্তব্য হওয়ায় অ্যান্ডেনে থাকার জায়গা খুব বেশি নেই। একটি ফরেস্ট রেস্ট হাউস এবং কয়েকটি হোমস্টে। তবে আধুনিক সুযোগ সুবিধা সবই রয়েছে। যাওয়ার আগে বুকিং করে নেওয়া ভালো।
কী ভাবে যাবেন?
কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি (NJP) পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে অ্যান্ডেন যেতে পারেন। বিমানে গেলে বাগডোগরা বিমানবন্দর থেকেও গাড়ি পাওয়া যায়।