অমিতাভের ‘জলসা’ নিয়ে পরিবারে সম্পত্তির বিবাদ! ১৯৯৩ সালের দলিল চ্যালেঞ্জ বৌদির

মুম্বই: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ নিয়ে এবার পরিবারের অন্দরেই সম্পত্তির বিবাদ। মুম্বইয়ের জুহুতে অবস্থিত এই বিলাসবহুল বাংলোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ভাই…
মুম্বই: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ নিয়ে এবার পরিবারের অন্দরেই সম্পত্তির বিবাদ। মুম্বইয়ের জুহুতে অবস্থিত এই বিলাসবহুল বাংলোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন। তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে একটি উপহার দলিলের মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হলেও, সেই বিষয়ে তাঁর কোনও সম্মতি ছিল না। এমনকী, বিষয়টি তাঁকে জানানোও হয়নি বলে দাবি করেছেন তিনি।
এই নিয়ে মহারাষ্ট্রের সহকারী সমবায় নিবন্ধকের দফতরে অভিযোগ জমা পড়েছে। মুম্বইয়ের আন্ধেরির ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিজেদের বক্তব্য ও নথি জমা দিতে বলা হয়েছে।
মুম্বই মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসে সম্পত্তির মালিকানা নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছেন রমোলা। তাঁর দাবি, প্রথমে ‘জলসা’ তাঁর নামেই নথিভুক্ত ছিল। পরে ১৯৯৩ সালের একটি গিফট ডিড বা উপহার দলিলের মাধ্যমে সেটি জয় বচ্চনের নামে করে দেওয়া হয়।
বিতর্কের কেন্দ্রে রয়েছে সরকারি নথি ও আবাসন সমিতির রেকর্ডের মধ্যে অসংগতি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে জয় বচ্চনকে বাড়িটির মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনও রমোলা বচ্চনের নাম রয়েছে বলে দাবি। সরকারি নথিতে নাম বদলের উদ্যোগ নেওয়ার পরই বিষয়টি নতুন করে সামনে আসে।
১৯৯৩ সালের দলিল নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা। তাঁর অভিযোগ, সাধারণ কাগজে দলিল তৈরি হয়েছিল। সেই সময় স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি। এমনকী, নথিতে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না বলে দাবি করেছেন তিনি। পরে কীভাবে দলিলটি নথিভুক্ত ও মহারাষ্ট্র সরকারের অভয় যোজনার আওতায় নিয়মিত করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা।
অমিতাভ বচ্চন এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বলে খবর। জয় বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করতে চাননি। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ সম্পত্তির মালিকানা কিংবা বিতর্কিত দলিলের বৈধতা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সম্পত্তি নিয়ে এই বিতর্কের মধ্যেও গত ৮ নভেম্বর ‘সানডে দর্শন’-এর নিয়ম মেনে বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। দীপাবলির শুভেচ্ছাও জানান তাঁদের। আগেরবারের মতো এদিন তাঁকে বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়নি। ছেলে অভিষেক বচ্চন ও চলচ্চিত্র প্রযোজক বন্টি ওয়ালিয়াও নিরাপত্তার দায়িত্ব সামলাতে উপস্থিত ছিলেন।
প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ মৌসুমী চট্টোপাধ্যায়
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি টাকা দাবি! হুমকি ফোন পেলেন তুষার কাপুর