Murshidabad: লক্ষ্মীপুজোর রাতে নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ – Bengali News | Murshidabad Minor girl ‘gang physical assault’ after being called from home on Lakshmi Puja night
মুর্শিদাবাদ: উৎসবের মরশুম মিটতেই ফের বাংলায় গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল মুর্শিদাবাদ। নাবালিকা প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদের সালারে। থানায় নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার লক্ষ্মীপুজোর রাতে ওই নাবালিকা বাড়িতেই ছিল। তারই বন্ধুকে এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। এক পরিচিতর বাড়িতে যাবে বলে ডেকে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, নাবালিকাকে এরপর একটি মাঠের ধারে ফাঁকা ক্যানেল পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে তিন জনে মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। নাবালিকাকে অপ্রকৃতস্থ অবস্থায় দেখতে পান তাঁরা। তাকে উদ্ধার করে প্রথমে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে ফিরে বাবা-মায়ের কাছে গোটা বিষয়টি খুলে বলে নাবালিকা। এরপর রাতেই ওই নাবালিকার পরিবার সালার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেতে ওই নাবালিকার সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করে এরপর তদন্ত নেমে এখনও পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ।
সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন, গণধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে, ধৃত দুজনই এলাকার বাসিন্দা ও ওই নাবালিকার পরিচিত বলে জানা গিয়েছে। এই ঘটনায় পাঁচজন যুক্ত রয়েছে। নাবালিকা রাতে বন্ধুর সঙ্গে খাবার খেয়ে ফেরার সময় পাঁচজন তাদেরকে আটকায় এবং মারধর করে এরপর গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় এখনও তিনজন অধরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে। যেহেতু বাকিরা এখনও অধরা, তাই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। পাছে তাদের ওপর হামলা না হয়, সেই ভয়ে পুলিশের কাছে নিরাপত্তা দাবি করেছে পরিবার।