High Court: স্ত্রীকে ‘যা খুশি তাই কর’ বললেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় পর্যবেক্ষণ হাইকোর্টের | Saying do whatever you want to wife during clash, High court gives observation - 24 Ghanta Bangla News
Home

High Court: স্ত্রীকে ‘যা খুশি তাই কর’ বললেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় পর্যবেক্ষণ হাইকোর্টের | Saying do whatever you want to wife during clash, High court gives observation

Spread the love

মুম্বই: পারিবারিক ঝগড়ার সময় স্বামী বা স্ত্রী একে অপরকে অনেক কথাই বলে থাকেন। মুখে বলা সেই সব কথা আত্মহত্যায় প্ররোচনা বলে ধার্য করা যায় না। এই যুক্তিতেই স্বামীকে জামিন দিল হাইকোর্ট। বিচারপতি উল্লেখ করেছে যে আত্মহত্যায় প্ররোচণার ক্ষেত্রে এমন কোনও সরাসরি পদক্ষেপের প্রমাণ থাকতে হবে, যা অপরজনকে সত্যিই আত্মহত্যার দিকে ঠেলে দেয়। বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় এই পর্যবেক্ষণ দিয়েছে বম্বে হাইকোর্ট। বছর ৩৭-এর এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জামিন দিয়েছে আদালত।

বিচারপতি মিলিন্দ এন যাদবের বেঞ্চের পর্যবেক্ষণ করেছে, পারিবারিক কলহের সময় রাগের বশে বলা কথা কোনও প্রমাণ হতে পারে না। স্ত্রীকে ‘যা খুশি তাই কর’ বলে ঝগড়ার পর স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বলে অভিযোগ। প্রাথমিকভাবে এই অভিযোগকে আত্মহত্যার প্ররোচনা, অপরাধমূলক মানসিকতা বা ষড়যন্ত্র হিসেবে ধরা যায় না। আদালত আরও বলছে যে, আত্মহত্যার ঘটনার কাছাকাছি সময়ে প্ররোচনার মতো ঘটনা ঘটতে হবে। রাগের মাথায় বলা কথা প্রমাণ হতে পারে না।

এই মামলায় আবেদনকারী পুণের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার। মৃত মহিলা তাঁর স্ত্রী ছিলেন, যিনি আত্মহত্যা করেন। মহিলার ভাই এফআইআর দায়ের করেছিলেন স্বামীর বিরুদ্ধে। বিয়ের পর দম্পতি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে যৌথ পরিবারে থাকতেন। এফআইআরে অভিযোগ করা হয়েছিল যে, শাশুড়ি ও জা ওই মহিলাকে বাড়ির কিছু জিনিসপত্র ছুঁতে দিতেন না এবং কটূক্তি করতেন। আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতেন না, স্ত্রী কাছে আসার চেষ্টা করলে তাঁকে দূরে সরিয়ে দিতেন।

ঘটনার প্রায় এক মাস আগে দম্পতি একটি আলাদা ফ্ল্যাটে উঠে যান। ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর তাঁদের মধ্যে ঝগড়া হয়, স্ত্রী নাকি স্বামীকে বলেছিলেন যে তাঁর কথা না শুনলে তিনি আত্মহত্যা করবেন। এর উত্তরে আবেদনকারী পাল্টা বলেন যে তাঁর যা খুশি তিনি তা-ই করতে পারেন। এরপর অভিযুক্ত তাঁর ভাইয়ের বাড়িতে চলে যান। এরপর মহিলা তাঁর মামাকে ফোন করে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা জানান এবং পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *