সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি! অসমের জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করল CRPF

জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় কর্মরত এক সিআরপিএফ ( CRPF Constable)জওয়ানের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বাহিনীর অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের কোম্পানি কমান্ডারকে খুন করার হুমকি দেওয়ার…
জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় কর্মরত এক সিআরপিএফ ( CRPF Constable)জওয়ানের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বাহিনীর অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের কোম্পানি কমান্ডারকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে পিনাক নাথ নামে ওই জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। শুধু কমান্ডারকে হত্যার হুমকিই নয়, তাঁকে খুন করার পর নিজেকেও শেষ করে দেওয়ার কথা লিখেছিলেন ওই জওয়ান।
বিষয়টি বাহিনীর নজরে আসতেই শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত অভিযোগের গুরুত্ব বিবেচনা করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। বরখাস্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও প্রকাশ করেছেন পিনাক। সেখানে চোখে জল নিয়ে নিজের চাকরি চলে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এমনকী, হাতে ধরে থাকতে দেখা গিয়েছে বরখাস্তের চিঠিও।
আরও দেখুনঃ ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আলোচনা শেষ পর্যায়ে! বার্তা জয়শঙ্করের
জানা গিয়েছে, পিনাক নাথ অসমের বাসিন্দা। সম্প্রতি তিনি সিআরপিএফে প্রবেশনারি কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর পোস্টিং হয়েছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার ৩৩ নম্বর ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে। ( CRPF Constable)বাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই তিনি সেখানে কর্মরত ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে পরিস্থিতি বদলে যায়। ওই পোস্টে নিজের কোম্পানি কমান্ডারকে খুন করার হুমকি দেন বলে অভিযোগ। পাশাপাশি, হত্যার পর আত্মহত্যা করার কথাও উল্লেখ করেন তিনি।
পিনাকের পোস্টে সম্প্রতি অন্য একটি নিরাপত্তা বাহিনীতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার প্রসঙ্গও উঠে এসেছিল। সেই ঘটনায় এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল ব্যবহার করে ঊর্ধ্বতন আধিকারিক এবং সহকর্মীদের হত্যা করেছিলেন বলে জানা যায়। ওই ঘটনার উল্লেখ করেই পিনাক নিজের কমান্ডারকে একইভাবে খুন করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।
বিষয়টি সামনে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন বাহিনীর আধিকারিকরা। কারণ, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জম্মু-কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালনকারী জওয়ানদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করা হয়।
ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন ৩৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। তিনি গোটা বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। পিনাকের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অভিযোগের অন্যান্য দিক খতিয়ে দেখার পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়।
শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অস্থায়ী চাকরি সংক্রান্ত ১৯৬৫ সালের নিয়মের ৫ নম্বর বিধির উপবিধি ১ প্রয়োগ করে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাহিনীর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শৃঙ্খলাভঙ্গ, ঊর্ধ্বতন আধিকারিকদের হুমকি এবং কমান্ড কাঠামোর বিরুদ্ধে কোনও ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। এই বিষয়ে সিআরপিএফের অবস্থান জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার।
তবে চাকরি হারানোর পর পিনাকের একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ভিডিওতে তাঁকে চোখে জল নিয়ে নিজের বরখাস্ত হওয়ার কথা বলতে দেখা যায়। হাতে ছিল চাকরি থেকে সরিয়ে দেওয়ার সরকারি চিঠি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা ওই ভিডিওতে পাওয়া যায়নি, তবে ঘটনাটি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জওয়ানদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, সিআরপিএফে এই প্রথম কোনও কর্মীকে বিতর্কিত ঘটনার জেরে চাকরি থেকে বরখাস্ত করা হল, এমন নয়। ( CRPF Constable)এর আগেও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুতর অভিযোগে এক জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৫ সালের মে মাসে ৪১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করে সিআরপিএফ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা মিনাল খানের সঙ্গে বিয়ের বিষয়টি বাহিনীর কাছে গোপন করেছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ২৪ মে অনলাইনে নিকাহের মাধ্যমে তাঁদের বিয়ে হয়েছিল। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে স্বল্পমেয়াদি ভিসা নিয়ে ভারতে এসেছিলেন মিনাল। তাঁর ভিসার মেয়াদ শেষ হয় ২২ মার্চ। কিন্তু অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁকে ভারতে থাকতে সাহায্য করেছিলেন মুনির। পাশাপাশি, বিয়ের বিষয়টিও বাহিনীর কাছে গোপন রাখা হয়েছিল বলে দাবি সিআরপিএফের।