ভারত-নেপাল যোগাযোগে নয়া অধ্যায়! অযোধ্যা-জনকপুর জুড়ল রেল পথে - 24 Ghanta Bangla News
Home

ভারত-নেপাল যোগাযোগে নয়া অধ্যায়! অযোধ্যা-জনকপুর জুড়ল রেল পথে

Spread the love


নয়াদিল্লি: ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত হতে চলেছে। এবার উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন।…

নয়াদিল্লি: ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত হতে চলেছে। এবার উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন। আগামী ২৩ নভেম্বর ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের। নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথভাবে এই ট্রেনের যাত্রার সূচনা করবেন বলে রেলওয়ে বোর্ড সূত্রে খবর।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, সপ্তাহে একদিন চলবে এই ট্রেন। প্রায় ৬০৪ কিলোমিটার পথ পেরিয়ে এটি দুই দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে যুক্ত করবে। রামায়ণের সঙ্গে সম্পর্কিত এই দুই তীর্থস্থানের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস অনুযায়ী, জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান। অন্যদিকে, অযোধ্যাকে ভগবান রামের জন্মভূমি হিসেবে মানা হয়।

কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন?

রেল মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, নেপালের জনকপুর ধাম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্ট পর্যন্ত চলবে ট্রেনটি। যাত্রাপথে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বাণিজ্যিক কারণে থামবে সেটি। স্টেশনগুলির তালিকায় রয়েছে জয়গনগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম।

প্রস্তাবিত সময়সূচি অনুসারে, প্রতি শনিবার জনকপুর ধাম থেকে ছাড়বে ট্রেনটি। অন্যদিকে, প্রতি সোমবার অযোধ্যা ক্যান্ট থেকে ফিরতি যাত্রা শুরু করবে।

ধর্মীয় পর্যটনে নতুন দিশা

নতুন এই রেল পরিষেবা চালু হলে ভারত ও নেপালের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রামায়ণের সঙ্গে যুক্ত বিভিন্ন তীর্থস্থান দর্শনে যাওয়া পুণ্যার্থীদের সুবিধা হবে। পাশাপাশি পর্যটক, ব্যবসায়ী, পড়ুয়া এবং পারিবারিক প্রয়োজনে যাতায়াত করা সাধারণ মানুষও এই পরিষেবার সুবিধা পাবেন।

রেল যোগাযোগের উন্নতির ফলে যাত্রাপথের বিভিন্ন এলাকার পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডও গতি পেতে পারে। স্থানীয় হোটেল, দোকান, ব্যবসায়ী এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ভারত ও নেপালের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। নতুন এই ট্রেন পরিষেবা দুই দেশের মানুষের যোগাযোগ আরও বাড়াবে এবং পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আলোচনা শেষ পর্যায়ে! বার্তা জয়শঙ্করের

কুলগামে CRPF ক্যাম্প হামলায় লস্কর যোগ! আটক ২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *