Suvendu Adhikari: রাজ্যে চালু হল 'পুলিশ মিত্র' অ্যাপ, এখানেই সবটা জানতে পারবেন সাধারণ মানুষ, কী জানালেন শুভেন্দু? | West bengal police modernisation suvendu adhikari launches police mitra app - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: রাজ্যে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, এখানেই সবটা জানতে পারবেন সাধারণ মানুষ, কী জানালেন শুভেন্দু? | West bengal police modernisation suvendu adhikari launches police mitra app

Spread the love

কলকাতা: পুলিশের আধুনিকীকরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। শুক্রবার, কেন্দ্র ও রাজ্যের মউ স্বাক্ষর হল। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের পরিকাঠামো ও পরিষেবার উন্নতিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই লক্ষ্যেই আজ থেকে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। নবান্ন (Nabanna) সভাঘর থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Cm Suvendu Adhikari)।

পুলিশের আধুনিকীকরণ সংক্রান্ত বিষয়ে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে রাজ্যের মউ স্বাক্ষর হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করছে। পুলিশের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এই সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছে রাজ্য সরকার।

কীভাবে কাজ করবে ‘পুলিশ মিত্র’ অ্যাপ?

পুলিশকে আরও জনমুখী করে তোলার লক্ষ্যেই এই অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে অ্যাপে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের এলাকায় কোন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন। বিট অফিসারদের কী কী দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সম্পর্কেও তথ্য থাকা প্রয়োজন। তাঁর মতে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে বিট অফিসারদের পরিচয় এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। এতে পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে।

পুলিশে কর্মীর ঘাটতি, প্রয়োজন আধুনিক সরঞ্জাম

রাজ্যে পুলিশকর্মীর অভাবের কথা আগেও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিন, নবান্ন সভাঘর থেকে আবারও পুলিশ কর্মীর ঘাটতির কথা তুলে ধরেন। শুভেন্দু জানিয়েছেন, পুলিশের কাজের পরিধি বাড়লেও রাজ্যে পর্যাপ্ত পুলিশকর্মীর অভাব রয়েছে। তাঁর কথায়, পুলিশের কাজে শুধু পরিকল্পনা করলেই হবে না, তার যথাযথ বাস্তবায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য পর্যাপ্ত জনবল অপরিহার্য। পশ্চিমবঙ্গে বর্তমানে পুলিশকর্মীর গুরুতর ঘাটতি রয়েছে।

পাশাপাশি পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম বা ই-কুইপমেন্ট তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। প্রতিদিনের কাজকর্মের উপর নজরদারি এবং একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পুলিশ প্রশাসনে রিপোর্টিং অথরিটি বা কার কাছে কে রিপোর্ট করবেন, সেই কাঠামোও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সিভিক ভলান্টিয়ার নির্ভরতা কমানোর বার্তা

বিট স্তরে পুলিশের কাজের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বর্তমানে একজন পুলিশ আধিকারিকের সঙ্গে সাতজন সিভিক ভলান্টিয়ারকে নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। তবে ভবিষ্যতে এই ব্যবস্থা আরও বেশি করে পুলিশ আধিকারিকদের উপর নির্ভরশীল করতে হবে। এর জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট ও কার্যকর রিপোর্টিং ব্যবস্থা।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের অভ্যন্তরীণ কাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। এই কাজে পুলিশ টিমের পাশাপাশি স্বরাষ্ট্র সচিবও নজরদারি চালাচ্ছেন।

কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বাড়তি গুরুত্ব

পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ভালো ফল নিশ্চিত করতে রাজ্যকে আরও তিন মাসের সময় দেওয়া উচিত। এই সময়ের মধ্যে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে জেলা স্তরে যৌথ সমন্বয় বৈঠক করা হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে রাজ্য সরকার কোনও তথ্য গোপন করতে চায় না। আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল, বর্তমান সরকার তা কাটিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *