ট্রেনের ব্রেক ভাল্ভ কি বন্ধ ছিল? কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য
অসমে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মিলল প্রাথমিক তদন্তে। ট্রেনের মূল ব্রেকিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ভাল্ভ বন্ধ অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণেই চালক ব্রেক কষলেও ট্রেন থামেনি বলে অনুমান তদন্তকারীদের। সেই কারণেই লাল সিগন্যাল অতিক্রম করে বাফারে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় ট্রেনটি। তবে কে ওই ভাল্ভ বন্ধ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। রক্ষণাবেক্ষণের সময় রেলকর্মীদের ভুলেই এমনটা হয়েছিল কি না, উঠছে সেই প্রশ্নও।
নভেম্বরের ১১ তারিখ অসমের দিগারু স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বুধবারের ঘটনায় ট্রেনের ইঞ্জিন-সহ ছ’টি কামরা লাইনচ্যুত হয়েছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে লুপ লাইনে ঢুকে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত জায়গায় থামতে না পেরে লাল সিগন্যাল পেরিয়ে যায় ট্রেনটি। পরে ডেড এন্ডে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়।
ছয় সদস্যের তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইঞ্জিনে থাকা BP Angle Cock বন্ধ বা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে। এই যন্ত্রাংশের কাজ হল ব্রেক পাইপের মাধ্যমে এয়ার প্রেসার নিয়ন্ত্রণ করা। এর সাহায্যেই ট্রেনের বিভিন্ন কামরায় ব্রেক কার্যকর হয়। ভাল্ভটি বন্ধ থাকায় মূল ব্রেকিং সিস্টেম কাজ করেনি বলে প্রাথমিক তদন্তে অনুমান। রিপোর্টে বলা হয়েছে, ট্রেনের চালক ব্রেক কষেছিলেন ঠিকই, কিন্তু ভাল্ভ বন্ধ থাকায় তা কার্যকর হয়নি।
পানবাড়িতেই ট্রেনে গোলমাল
তদন্তে উঠে এসেছে, ১১ নভেম্বর ভোর সাড়ে ৫টা নাগাদ গুয়াহাটি স্টেশনে ট্রেনের দায়িত্ব নেওয়ার সময়ে ব্রেকিং সিস্টেম ঠিকঠাক কাজ করছিল বলে দাবি করেছেন লোকো পাইলট, সহকারী লোকো পাইলট ও গার্ড। সকাল ৬টা ১৬ মিনিটে পানবাড়ি স্টেশনে ট্রেনটি থামানো হয়। একটি কামরার ব্রেক প্যাড আটকে যাওয়ায় চাকা অতিরিক্ত গরম হয়ে উঠেছিল। সেই সমস্যা মেরামতির পরে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেন। সকাল ৬টা ৪৬ মিনিটে ফের যাত্রা শুরু করে। এর পরে দিগারু স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে বিপত্তি।
রক্ষণাবেক্ষণের সময়েই কি ভুল?
তদন্তকারীদের একাংশের অনুমান, পানবাড়ি স্টেশনে ব্রেক প্যাডের সমস্যা মেরামতির সময় রেলকর্মীরা বিপি অ্যাঙ্গেল কক (BP Angle Cock) বন্ধ করেছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার পরে সেটি ফের খুলে দিতে ভুলে যান কি না, উঠছে সেই প্রশ্ন। কয়েকটি রেল ডিভিশনের জারি করা সতর্কবার্তাতেও এই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
রেল নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, যাত্রাপথে ট্রেনের গতি নিয়ন্ত্রণে বিকল্প রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম (Regenerative Braking System) ব্যবহার করা হয়ে থাকতে পারে। কিন্তু দিগারুতে থামার সময়ে মূল ব্রেকিং সিস্টেম ব্যবহার করতে গিয়েই সমস্যাটি ধরা পড়ে।
তবে ছয় সদস্যের তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টে, কে ওই ভাল্ভ বন্ধ করেছিলেন, তা চিহ্নিত করা যায়নি। ট্রেন চালানোর আগে ব্রেকিং সিস্টেম পরীক্ষা করার ক্ষেত্রে কোনও গাফিলতি হয়েছিল কি না, তা-ও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় কার, তা জানতে বিস্তারিত তদন্ত চলছে।
উল্লেখ্য, এই রেল দুর্ঘটনার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে (যার সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি) দেখা যায়, এক ট্রেনচালক নানা ভাবে ব্রেক প্রয়োগ করে একটি এক্সপ্রেস ট্রেনকে থামানোর মরিয়া চেষ্টা করে চলেছেন, কিন্তু ট্রেন থামছে না। এই ভিডিয়োটি দিগারুর কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনার বলেই দাবি করা হয়েছে একাধিক সংবাদমাধ্যমে। যদিও এ দিন রাত পর্যন্ত রেলের পক্ষ থেকে এই ভিডিয়ো নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ওই দৃশ্য যে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের নয়, এমনটাও জোরের সঙ্গে দাবি করতে পারেনি রেল।
FAQ
১. কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা কোথায় ঘটেছিল?
১১ নভেম্বর অসমের দিগারু স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাল সিগন্যাল অতিক্রম করে লুপ লাইনের ডেড এন্ডে ধাক্কা মারে। এর জেরে ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।
২. কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনার সম্ভাব্য কারণ কী?
ছয় সদস্যের তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টে ট্রেনের ব্রেকিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মিলেছে। ইঞ্জিনে থাকা BP Angle Cock বন্ধ বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। এর জেরে মূল ব্রেকিং সিস্টেম কাজ করেনি বলে অনুমান।
৩. BP Angle Cock কী এবং এর কাজ কী?
BP Angle Cock বা ব্রেক পাইপ অ্যাঙ্গেল কক ট্রেনের ব্রেকিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি ভাল্ভ। এটি ব্রেক পাইপের মাধ্যমে বায়ুচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ব্যবস্থার সাহায্যে ট্রেনের বিভিন্ন কামরায় ব্রেক কার্যকর হয়।
৪. পানবাড়ি স্টেশনে কী হয়েছিল?
১১ নভেম্বর সকালে পানবাড়ি স্টেশনে একটি কামরার ব্রেক প্যাড আটকে যাওয়ায় চাকা অতিরিক্ত গরম হয়ে ওঠে। মেরামতির জন্য ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়েছিল। সকাল ৬টা ৪৬ মিনিটে ফের যাত্রা শুরু করে।
৫. রক্ষণাবেক্ষণের সময় কি ব্রেক ভাল্ভ বন্ধ করে দেওয়া হয়েছিল?
তদন্তকারীদের একাংশের অনুমান, পানবাড়ি স্টেশনে ব্রেক প্যাড মেরামতির সময় BP Angle Cock বন্ধ করা হয়েছিল। কাজ শেষে সেটি ফের খুলে দিতে ভুল হয়ে থাকতে পারে। তবে এই সম্ভাবনা এখনও নিশ্চিত নয়।
৬. ট্রেনের চালকরা কি ব্রেক প্রয়োগ করেছিলেন?
প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, ট্রেনের কর্মীরা ব্রেক কষেছিলেন। কিন্তু BP Angle Cock বন্ধ থাকায় মূল ব্রেকিং সিস্টেম কার্যকর হয়নি বলে অনুমান তদন্তকারীদের।
৭. কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনায় দায় কার, তা কি জানা গিয়েছে?
না। কে ওই ভাল্ভ বন্ধ করেছিলেন, কিংবা ট্রেন ছাড়ার আগে ব্রেকিং সিস্টেম পরীক্ষা করতে কোনও গাফিলতি হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। বিস্তারিত তদন্ত চলছে।