Rudraksha wearing rules: বাথরুমে যাওয়ার সময় কি রুদ্রাক্ষ খুলে রাখা উচিত? জেনে নিন সঠিক নিয়ম | Can We Wear Rudraksha While Going to the Washroom? Know the Correct Rules
ধর্ম মতে শিবের চোখের জল থেকেই এই পবিত্র রুদ্রাক্ষের জন্ম। মনকে শান্ত রাখতে আর জীবনে পজিটিভিটি আনতে অনেকেই এটি পরেন। কিন্তু রুদ্রাক্ষ পরলেই তো হলো না, এর কিছু কড়া নিয়মও আছে। দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় যে প্রশ্নটা অনেকের মাথায় ঘোরে, তা হল, বাথরুমে যাওয়ার সময় কি রুদ্রাক্ষ গলায় রাখা উচিত? নাকি খুলে রাখা দরকার?
কী বলছেন বিশেষজ্ঞরা?
ধর্মমতে, বাথরুম বা টয়লেটকে একটু অপবিত্র জায়গা হিসেবে ধরা হয়। তাই সেখানে যাওয়ার আগে রুদ্রাক্ষ খুলে কোনও পরিষ্কার জায়গায় রাখা উচিত। কিন্তু ধরুন, আপনি অফিসে বা এমন কোথাও আছেন যেখানে খুলে রাখা সম্ভব নয়। তখন কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, সে ক্ষেত্রে রুদ্রাক্ষটি জামার ভেতরে ঢুকিয়ে বা ঢেকে রাখতে পারেন। এতে পবিত্রতা নষ্ট হয় না।
ভুল করে বাথরুমে ঢুকে গেলে কী হবে?
মানুষ মাত্রই ভুল হয়। হয়তো কাজের চাপে খেয়াল না করে রুদ্রাক্ষ পরেই বাথরুমে ঢুকে পড়েছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি ফিরে রুদ্রাক্ষের ওপর একটু গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর মনে মনে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করে সেটি আবার গলায় পরে নিন। ব্যস, চিন্তার কোনও কারণ নেই।
রাতে কি গলায় রেখেই ঘুমাবেন?
অনেকেই রাতে এটি পরে ঘুমান। কিন্তু নিয়ম বলছে, ঘুমানোর আগে রুদ্রাক্ষ খুলে রাখা উচিত। ঠাকুরঘরে বা মাথার কাছে পরিষ্কার জায়গায় এটি রাখতে পারেন। রাতে গলায় থাকলে ঘুমের ঘোরে রুদ্রাক্ষের ওপর চাপ পড়তে পারে, যা একদমই ঠিক নয় বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা।
মনে রাখবেন আরও কয়েকটি দিক
- রোজ সকালে স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরার পরই রুদ্রাক্ষ পরা উচিত।
- এটি গলায় থাকলে আমিষ খাবার, নেশার জিনিস থেকে দূরে থাকাই ভালো।
- শ্মশানে যাওয়ার সময় বা কাছাকাছি কারও মৃত্যু হলে (সুতক চলাকালীন) রুদ্রাক্ষ খুলে রাখাই নিয়ম।
- লাল বা হলুদ সুতো, অথবা সোনা-রুপোর চেনে রুদ্রাক্ষ পরা শুভ।
- নিজের গলার রুদ্রাক্ষ কখনও অন্য কাউকে দেবেন না। আর অন্যের পরা রুদ্রাক্ষ নিজেও পরবেন না।
- মাঝে মাঝে পরিষ্কার জলে এটি ধুয়ে নেবেন। খেয়াল রাখবেন, রুদ্রাক্ষ যেন ফেটে বা ভেঙে না যায়।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ বিশ্বাস ও ধর্মীয় নিয়মকানুনের ওপর ভিত্তি করে লেখা। এটি পালনের আগে বিশেষজ্ঞ বা পুরোহিতের সঙ্গে কথা বলে নিতে পারেন।