Moushumi Chatterjee: প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, কী হয়েছিল হেমন্তপুত্রর? | Veteran Actress Moushumi Chatterjee’s Husband Jayanta Mukherjee Passes Away
প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ প্রযোজক। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)-এর পক্ষ থেকে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।
পরিবার এবং ঘনিষ্ঠ মহলে ‘বাবু’ নামেই সমাদৃত ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। কিংবদন্তি সুরকার ও গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে হওয়ায় খুব ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির পরিমণ্ডলে বড় হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীকালে নিজেও যুক্ত হন বিনোদন দুনিয়ার সঙ্গে। একজন সফল চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার হিসেবে বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছিলেন জয়ন্ত। তাঁর প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ১৯৭৫ সালের জনপ্রিয় ছবি ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’। শুধু বড় পর্দাতেই নয়, ১৯৯২ সালের আলোচিত টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’-এর নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
মৌসুমী চট্টোপাধ্যায় ও জয়ন্ত মুখোপাধ্যায়ের দাম্পত্য জীবন ছিল প্রায় পাঁচ দশকেরও বেশি সময়ের। অত্যন্ত অল্প বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, তিনি যখন মাত্র দশম শ্রেণিতে পড়তেন, সেই সময়ই তাঁদের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। বিয়ের পর স্বামী জয়ন্তের হাত ধরেই তিনি মুম্বই পাড়ি দেন এবং পরবর্তীতে হিন্দি ও বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের আসন পাকা করেন। সুদীর্ঘ এই পথ চলায় জীবনের প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে ছিলেন এই দম্পতি। স্বামীর প্রয়াণে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর এই বিয়োগে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও সংগীত জগতেও।