Kunal Ghosh: ‘শুধু মঞ্চে নয়, লড়াই হোক মাটিতেও’, বাম-কংগ্রেসের নেতৃত্বকে পাশে নিয়ে জোট বার্তা কুণালের? | Kunal Ghosh Calls for Unity Against BJP at Priya Ranjan Dasmunsi’s Birth Anniversary Event, Shares Stage with Left Congress Leaders
কলকাতা: প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠান থেকে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিলেন মমতা তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঞ্চে তখন বসে রয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী থেকে কংগ্রেসের শুভঙ্কর সরকার। বাম ও কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতেই বিজেপি বিরোধী লড়াইয়ে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বেলেঘাটার বিধায়ক। তাঁর বক্তব্য, ধর্মনিরপেক্ষ ও বিজেপি বিরোধী একজন ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে যদি সবাই এক মঞ্চে আসতে পারেন, তাহলে সেই লড়াই মঞ্চের বাইরেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কেন? দেশের সাংবিধানিক কাঠামো ও আত্মা নষ্ট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির পারস্পরিক আকচা-আকচি বন্ধ করে বৃহত্তর লড়াইয়ে মন দেওয়ার বার্তা দেন কুণাল।
কী বলেছেন কুণাল ঘোষ?
কুণাল বলেন, “সবাই একা লড়তে প্রস্তুত। কিন্তু এখন যখন একমঞ্চে আমরা সবাই থাকতে পারি, একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিকে, বিজেপি বিরোধী ব্যক্তিকে প্রণাম জানাতে, যদি সেটা এই মঞ্চের বক্তৃতাতেই শেষ হয়ে যায়, তাহলে বক্তৃতা দিতে এলাম কেন?”
এরপরই রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক বিরোধের প্রসঙ্গ তুলে ধরেন কুণাল। বিধায়কের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, একে অপরের দলের খুঁত ধরতে গিয়ে মূল লড়াই থেকে নজর সরে যাচ্ছে। কুণালের কথায়, “দেশের আত্মাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শুধু ভাবতে হবে, আমরা মঞ্চে দাঁড়িয়ে আসল শক্তিকে হারানোর জন্য বক্তৃতা দেব, নাকি মঞ্চ থেকে নেমে রাজ্যের বা দেশের মাটিতে সেই লড়াইটাকে নিয়ে যাব?”
জোট নিয়ে কী বললেন তৃণমূল নেতা?
তাহলে কি জোট বার্তা দিলেন কুণাল ঘোষ? তবে, এই মঞ্চের সঙ্গে সরাসরি কোনও জোটের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন উপলক্ষে তাঁরা একত্রিত হয়েছেন। বিজেপি বা বিজেপির বিরুদ্ধে যাঁরা নিজেদের মতো করে লড়াই করছেন, তাঁদের পাশে থাকার বার্তাই দিয়েছেন তিনি।
কুণাল বলেন, “এটার সঙ্গে সরাসরি জোটের কোনও সম্পর্ক নেই। এটা তো পরিষ্কার কথা। বিজেপি বা বিজেপির মানুষের এই অধিকার কেড়ে নেওয়া, আমরা লড়ছি। আমাদের সঙ্গে যাঁরা লড়ছেন, বা নিজের নিজের মতো করে লড়ছেন। আমরা বলছি না জোট করুন। জোট করব না, একথাও বলছি না। আমরা লড়তে প্রস্তুত।”