তছনছ ঢাকার নামকরা রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’
বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ়২৪-এর প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ বলেন, ‘প্রথমে একটা ছেলে এসেছিল। একটা চেয়ার খালি হওয়ার পরে তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পরে ওই পরিবারের লোকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। সেই সময় আমাদের একজন স্টাফ সেখানে বিষয়টি মিটমাট করতে যান। ওই তরুণ সম্ভবত ছাত্র। তা বুঝতে পেরে আমাদের স্টাফ তাঁকে আর একটা জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতেই তিনি ক্ষেপে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান।’ তাঁর সংযোজন, ‘কিছুক্ষণ পরে তিনি কয়েক জনকে নিয়ে এসে প্রথমে রেস্তোঁরার বাইরে আমাদের স্টাফ খলিলকে বেধড়ক মারধর করেন। এর পরে শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসি ক্যামেরার ফুটেজে রয়েছে।’
অন্য দিকে, সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় বনানী থানার ওসি মহম্মদ সালাউদ্দিন বলেন, ‘খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভিতরে ভাঙচুর চালান।’ ওসি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।
স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমে বলেন, ‘হইচই শুরু হওয়ার পরে এসে দেখি অন্তত একশো ছেলেপুলে। ভাঙচুর চলছে। রাস্তার ওপারে আরও কয়েক জন ছিলেন। আমি ক্যামেরা বের করে ভিডিয়ো করা শুরু করা মাত্র তাঁরা কয়েক জন আমাকেই ধাওয়া করে। সেই সময়ে একজন রিকশাযাত্রী ক্যামেরা বের করে ভিডিয়ো করলে হামলাকারীরা তাঁকেও জুতো দিয়ে মারধর করা শুরু করেন। এটা দেখে আমার খুব খারাপ লাগছে, ভয় পেয়ে আমি বাড়ি চলে যাই।’