কেনাকাটা করলেই বিলকুল ফ্রি-তে মিলছে চারাগাছ
‘আরণ্যক’-এর যুগলপ্রসাদের মতোই কিশোরের এই সাধনাও প্রকৃতিকে ঘিরে। পার্থক্য শুধু, তাঁর অরণ্য গড়ে উঠছে মানুষের বাড়ির উঠোনে, আর দোকানের কাউন্টারে সাজানো প্রতিটি চারাগাছ হয়ে উঠছে নতুন সবুজের আমন্ত্রণ। কিশোরের এই উদ্যোগে পাশে রয়েছে পরিবারও। ময়নাগুড়ি কলেজের পড়ুয়া, ছেলে রূপাঞ্জন বাবাকে সাহায্য করেন। স্ত্রী বুলুও মাঝেমধ্যে গাছের পরিচর্যা করেন। পরিবারের সহযোগিতায় বাড়ির এক চিলতে জায়গাই হয়ে উঠেছে ছোট্ট সবুজ নার্সারি। এই নার্সারিতে প্রায়ই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্কুলপড়ুয়া থেকে পথচলতি মানুষ, সকলেই আসেন চারা নিতে। শুধু নিজের নার্সারির গাছ নয়, অন্য নার্সারি থেকে সাদা চন্দন, লাল চন্দন, ভ্যালেন্টাইন ও এভারগ্রিনের মতো মূল্যবান প্রজাতির চারাও কিনে আনেন তিনি। সেগুলিও ক্রেতাদের উপহার দেন। ইতিমধ্যে কয়েকশো মানুষের হাতে বিনামূল্যে চারা তুলে দিয়েছেন কিশোর।