কবে ছেলেকে জনসমক্ষে আনবেন, কী প্ল্যান ছিল অদিতির… | When will she introduce her son to the public what did Aditi Munshi say
দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরেই অদিতি মুন্সির ফ্ল্যাটে তালা। সেখানে অদিতির রেকর্ডিং স্টুডিয়ো ছিল। বিভিন্ন বাদ্যযন্ত্রের কালেকশন ছিল এই ফ্ল্যাটে। বিধানসভা নির্বাচনে লড়ার আগে, এই ফ্ল্যাটে তাঁর ছেলেকে বড় করছিলেন অদিতি। এই বছর জানুয়ারি মাসে মা হয়েছেন অদিতি।
তবে সন্তানের জন্মের পর তাঁর কোনও ছবি এখনও জনসমক্ষে আনেননি অদিতি বা দেবরাজ। এমনকী ছেলের জন্ম সংক্রান্ত কোনও ভিডিয়ো বা কিছুই সমাজ মাধ্যমে পোস্ট করেননি তাঁরা। তা হলে কবে সবাই অদিতির পুত্রকে দেখতে পাবেন? টিভি নাইন বাংলার প্রশ্নের উত্তরে অদিতি বলেছিলেন, ”আসলে ও খুব ছোট। সেই কারণে অপেক্ষা করছি। সকলের আশীর্বাদ ওর জন্যও চাই। তাই সকলের সামনে আনতে চাই। তবে খুব ছোট বলেই অপেক্ষা করছি।”
কোনও নির্দিষ্ট দিন ঠিক করে রেখেছেন কি ছেলেকে জনসমক্ষে আনার? বিধানসভা নির্বাচনের সঙ্গে সেই দিনের কোনও যোগ আছে নাকি? প্রশ্ন শুনে অদিতি বলেছিলেন, ”সেরকম একদমই নয়। এখনও অবধি কিছু ঠিক করিনি আমরা।” যেহেতু ছেলে খুব ছোট, তাই প্রচারে বেরিয়ে ছেলেকে মিস করেন, সে কথা জানিয়েছিলেন গায়িকা। তিনি বলেছিলেন, মাঝে-মাঝেই ভিডিয়ো কলে ছেলেকে দেখে নেন। বিধানসভা নির্বাচনে অবশ্য হেরে যান অদিতি। হেরে যাওয়ার দিন তিনি কান্নায় ভেঙে পড়েন।
দেবরাজ গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে অদিতির জীবন ঘিরে নানা ধরনের অনিশ্চয়তা। ছেলেকে নিয়েই নিজের ফ্ল্যাট ছেড়েছেন অদিতি, যেখানে বেশিরভাগ সময় থাকতেন। দেবরাজের গ্রেফতার হওয়ার বিষয়টা নিয়েও মুখ খোলেননি গায়িকা।