ভোপালের হাসপাতালে ভর্তি জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি
অভিনেতা অমিতাভ বচ্চনের শাশুড়ি এবং অভিনেত্রী জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়িকে ভোপালের পারুল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রয়াত প্রথিতযশা সাংবাদিক ও লেখক তরুণকুমার ভাদুরির স্ত্রী ইন্দিরা। অ্যালার্জিজনিত অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সূত্রের খবর। পারুল হাসপাতালের চিকিৎসক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, তাঁর শ্বাসকষ্ট রয়েছে। এ ছাড়া পিঠে ও কোমরেও যন্ত্রণা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। মুম্বই থেকে বচ্চন পরিবারও নিয়মিত ইন্দিরা ভাদুড়ির খোঁজখবর নিচ্ছেন বলেও জানিয়েছেন চিকিৎসক আগরওয়াল। হাসপাতালের একটি সূত্রের খবর, এখন ইন্দিরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।