M.M.Somaya: ‘যেন আবার অলিম্পিক পদক জিতলাম…’, চুরি যাওয়া পদক পেয়ে কৃতজ্ঞ সোমায়া | Bengaluru Police Recover Stolen Medals Of Former Hockey Olympian M M Somaya, 2 Arrested
বেঙ্গালুরু: কিছুদিন আগেই বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল প্রাক্তন হকি অলিম্পিয়ান এম এম সোমায়ার। এরপরেই তৎপর হয় বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরুর বাড়ি থেকে চুরি যাওয়া তাঁর ৮টি আন্তর্জাতিক পদক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকেও। উদ্ধার হওয়া পদকের মধ্যে সোনা ও রুপোর পদকও রয়েছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আবেগপ্রবণ সোমায়া জানিয়েছেন, এই পদকগুলি তাঁর কাছে শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রের পুরস্কার নয়, বরং কয়েক দশকের স্মৃতি, আবেগ ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার প্রতীক। তিনি বলেন, “প্রায় ১০-১১ দিন আগে আমার পদকগুলি চুরি হয়ে গিয়েছিল। আমরা ইন্দিরানগর থানায় অভিযোগ জানিয়েছিলাম। প্রথম দিন থেকেই পুলিশ আধিকারিকরা অভিযোগ জানিয়েছিলেন, চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করা হবে। তাঁদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। পদকগুলি ফিরে পেয়ে আমার মনে হচ্ছে, যেন আবার অলিম্পিক পদক জিতলাম। কারণ এগুলি আমার সবথেকে বেশি প্রিয়।”
গত ২৮ অক্টোবর চুরির ঘটনাটি সামনে আসে। পরিবারের সঙ্গে নিজের আদি বাড়ি কর্ণাটকের কোডাগু জেলায় ঘুরতে গিয়েছিলেন তিনি। গত ২৫ অক্টোবর তাঁরা বেঙ্গালুরু ছেড়ে চলে যান। বাড়ি ফিরে দেখেন, মূল দরজার তালা ভেঙে ঢুকেছে দুষ্কৃতীরা। বাড়ি থেকে চুরি গিয়েছে পদক, সোনা-রুপোর অন্য সামগ্রী ও নগদ টাকা। চুরি যাওয়া পদকগুলির মধ্যে অলিম্পিক প্রতিযোগিতায় পাওয়া পদকও ছিল। এরপরেই তদন্তে নামে ইন্দিরানগর থানার পুলিশ। ৮টি বিশেষ দল গঠন করা হয়।
তদন্ত শুরু হওয়ার পর ৯ নভেম্বর রামনগর জেলা থেকে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরির ঘটনায় ব্যবহৃত একটি দুই চাকার গাড়িও উদ্ধার করা হয়। এরপরেই অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর উদ্ধার করা হয় এই পদকগুলি। সব মিলিয়ে ৮টি পদক, একটি কোদাভা তরোয়াল, একটি ক্যামেরা ও একটি ২ চাকার গাড়ি উদ্ধার হয়েছে। ১০ তারিখ তাদের আদালতে পেশ করা হলে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। তবে হারানো পদকগুলি খুঁজে পেয়ে নতুন করে অলিম্পিক পদক জয়ের আনন্দ পাচ্ছেন সোমায়া।