Jammu Kashmir Terror Attack | কাশ্মীরে উদ্ধার ২ পুলিশ অফিসারের দেহ, গুলিবিদ্ধ বাংলার CRPF জওয়ান
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার পর উদ্ধার হল নিখোঁজ দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ। বৃহস্পতিবার সকালে কিষ্টওয়ার জেলার ধেরনা চৌকি এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। মৃত দুই অফিসারের নাম ববি চাঁদ (৫৭) এবং রশপাল কুমার ওরফে রিশিপাল (৪৫)। দু’জনের শরীরেই গুলির চিহ্ন মিলেছে। তাঁদের কাছে থাকা INSAS এবং থ্রি নট থ্রি রাইফেলও নিখোঁজ। অন্যদিকে, কুলগামে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা CRPF জওয়ান শান্তনু চন্দ্র। ২০১১ সালে CRPF-এর ৪৬ নম্বর ব্যাটালিয়নে যোগ দিয়েছিলেন তিনি। বুধবার ডিউটি চলাকালীন জঙ্গিদের ছোড়া গুলি তাঁর হাতে লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন শান্তনু। হাসপাতাল থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি।