Jammu Kashmir-এর কুলগামে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন
জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজারে বাসিন্দা শান্তনু চন্দ্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তনু ২০১১ সালে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়ানে যোগ দিয়েছিলেন। সাড়ে তিন বছর আগে তাঁকে পাঠানো হয় জম্মু-কাশ্মীরে। কাশ্মীরে পোস্টিং হওয়ার পর থেকেই সর্বক্ষণ আতঙ্কে থাকে পরিবার। বুধবার দুপুরে ডিউটি চলাকালীন জঙ্গিদের হামলার মুখে পড়েন শান্তনু। সেনা জওয়ানদের পাল্টা প্রতিরোধের সময় জঙ্গিদের ছোড়া একটি গুলি তাঁর হাতে লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন শান্তনু। হাসপাতালে ভর্তি থাকাকালীন পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তিনি।