ডিলিমিটেশন বিল নিয়ে ফের তৎপর মোদী সরকার, বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

নয়াদিল্লি: আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করাতে ফের সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে। CNN-News18-এর প্রতিবেদন অনুযায়ী, সংবিধান…
নয়াদিল্লি: আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করাতে ফের সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে। CNN-News18-এর প্রতিবেদন অনুযায়ী, সংবিধান সংশোধনী বিলটি পাশ করানোর জন্য নতুন করে সংসদীয় অধিবেশন ডাকার কথা ভাবছে নরেন্দ্র মোদী সরকার। গত এপ্রিলে লোকসভায় প্রয়োজনীয় সমর্থন না মেলায় বিলটি আটকে যায়। এবার রাজনৈতিক সমীকরণ বদলের সুযোগ কাজে লাগাতে চাইছে কেন্দ্র।
২০২৬ সালের ১৬ এপ্রিল লোকসভায় তিনটি বিল পেশ করা হয়েছিল। সেগুলি হল সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলগুলি পেশ করেন। কিন্তু পরদিন, ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাশ হয়নি।
এই বিলের সঙ্গে যুক্ত রয়েছে মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিষয়টিও। ২০২৩ সালের ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এ এই সংরক্ষণের কথা বলা হলেও জনগণনার পর আসন পুনর্বিন্যাস সম্পন্ন হওয়ার সঙ্গে তার বাস্তবায়ন যুক্ত।
ডিলিমিটেশন বিলের বিরোধিতা করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোট ইন্ডিয়া। তাদের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রভাব বাড়বে। তুলনায় দক্ষিণ ভারতের রাজ্যগুলি সংসদে আসনসংখ্যার নিরিখে পিছিয়ে পড়তে পারে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বিষয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তাঁর বক্তব্য, বিরোধীদের সঙ্গে আলোচনা না করে এত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল আনা উচিত নয়।
এদিকে গত এপ্রিলের তুলনায় বিরোধী শিবিরের রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন এসেছে। তৃণমূলের সাংসদদের একাংশের দলবদল এবং কংগ্রেসের সঙ্গে ডিএমকের দূরত্ব তৈরি হওয়ায় নতুন করে রাজনৈতিক হিসাবনিকাশ শুরু হয়েছে। ফলে বিশেষ অধিবেশন ডাকা হলে বিলের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
কেজরিওয়াল ও মেয়েকে খুনের হুমকি, ৭ কোটি টাকা দাবি! তদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য