মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে গোলাগুলি, বেঘোরে প্রাণ গেল মহিলার - 24 Ghanta Bangla News
Home

মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে গোলাগুলি, বেঘোরে প্রাণ গেল মহিলার

Spread the love

ফের অশান্তি মণিপুর। সন্দেহভাজন জঙ্গিদের গুলির লড়াইয়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। কাংপোকপি এবং সেনাপতি জেলার সীমানায় ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে শুরু হয় গুলির লড়াই। কাংপোকপি জেলার তাপহৌ কুকি (Taphou Kuki) গ্রামের কাছাকাছি এলাকায় এবং পাশের সেনাপতি জেলার কাইলেনজাং (Kailengjang)-এর নিকটবর্তী অঞ্চলে শুরু হয় সংঘর্ষ। NSCN-IM এবং ZUF-K জঙ্গি গোষ্ঠীর মধ্যে এই লড়াই হয় বলে সূত্রের খবর। এই ঘটনা মৃত্যু হয়েছে কুকি উপজাতির এক মহিলার। মৃতের নাম নাম নেংবোই চংলোই (Nengboi Chongloi)। তাঁর বাড়ি তাপহৌ কুকি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যখন ওই সন্দেহভাজন দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয় সেই সময়ে কাছেই একটি কৃষিজমিতে কাজ করছিলেন ওই মহিলা। পরে নিরাপত্তা বাহিনীর লোকজন এবং স্থানীয় বাসিন্দারা তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেন। ওই মহিলার চার বছরের একটি সন্তান আছে বলেও জানা গিয়েছে।

ওই গোলাগুলির ঘটনায় আহত হয়েছে আরও এক জন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে কাংপোকপির (Kangpokpi) একটি বেসরকারি হাসপাতালে।

দিন কয়েক আগেই তাপহৌ কুকি থেকে কুকি-জ়ো উপজাতির দু’জনকে অপহরণ করে হত্যা করা হয়। গত ২৮ অক্টোবর অপহরণ করা হয় তাঁদের। ১ নভেম্বর সেনাপতি জেলার এলাকা থেকে উদ্ধার হয় তাঁদের দেহ। এর প্রতিবাদে সেখানে অবস্থান বিক্ষোভ করে কাংপোকপির উপজাতি সংগঠন Committee on Tribal Unity। এ দিনের ঘটনায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হত্যার প্রতিবাদে কাংপোকপি জেলায় বনধের ডাকও দিয়েছে ওই সংগঠন। সেই সঙ্গেই ওই এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাদের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *