বাতাসের গুণমান ‘ভেরি পুওর’ বলছে AQI, এই দূষণে শ্বাসকষ্টের রোগীরা সুস্থ থাকবেন কী ভাবে?
দীপাবলি শেষ হতেই বাতাসের গুণমান ফের খারাপ হয়েছে। AQI পৌঁছেছে ‘ভেরি পুওর’ বা অত্যন্ত খারাপ মাত্রায়। বাজি পোড়ানো, ধুলোবালি এবং অন্যান্য দূষণের কারণে বাতাসে বেড়েছে ক্ষতিকর সূক্ষ্ম কণার পরিমাণ। এই দূষণে শরীর খারাপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তাঁরা, যাঁদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।
হাঁপানি, COPD এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ (ILD)-এ আক্রান্তদের জন্য এই দূষণ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বাতাসে থাকা PM2.5 (অতি সূক্ষ্ম কণা) ও PM10 (সূক্ষ্ম কণা) ফুসফুসে প্রদাহ তৈরি করতে পারে। ফলে শ্বাস নিতে অসুবিধা, কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়তে পারে। তার উপর রয়েছে মরশুম বদলের কারণে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের প্রভাব। এই সময় শ্বাসকষ্টের রোগীরা সুস্থ থাকবেন কী ভাবে?
যা যা জানবেন
-
দীপাবলির পর কলকাতার AQI কোন পর্যায়ে পৌছেঁছে।
-
হাঁপানি, COPD ও ILD রোগীদের জন্য কী সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
-
উপসর্গ কমলেও কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না।
-
অক্সিজেন সাপোর্ট বা BiPAP ব্যবহারকারীরা কী করবেন?
-
ডায়াবিটিস ও হৃদরোগীদেরও সতর্ক থাকতে হবে কেন
উপসর্গ না বাড়লেও চিকিৎসকের পরামর্শ জরুরি
COPD বা অ্যাজমার রোগীদের অনেক ক্ষেত্রে সারা বছর কিছু ওষুধ খেতে হয়। চিকিৎসক প্রয়োজনমতো সেই ওষুধের ডোজ কমান বা বাড়ান। মুশকিল হল, শরীর খানিকটা ভালো লাগলেই অনেকে নিজে থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। চিকিৎসকের মতামত না নিয়ে এমনটা করা বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে যাঁদের দীর্ঘদিনের শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে, উপসর্গ না বাড়লেও তাঁদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ বন্ধ করা একেবারেই ঠিক নয়। নিয়মিত চিকিৎসা ও ওষুধের নির্ধারিত মাত্রা বজায় রাখা জরুরি। প্রয়োজনে এই সময় সুস্থ থাকতে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শমতো। শ্বাসকষ্ট হঠাৎ তীব্র হলে বা কথা বলতে অসুবিধা হলে দেরি না করে চিকিৎসকের কাছে বা হাসপাতালে যান।
অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখুন
অ্যাজমা, COPD এবং ILD-তে আক্রান্ত যাঁরা বাড়িতে অক্সিজেন সাপোর্ট বা BiPAP মেশিন ব্যবহার করেন, তাঁদের বাড়তি সতর্ক থাকতে হবে। প্রয়োজনের সময় যন্ত্রগুলি যাতে ঠিকমতো কাজ করে, সে জন্য নিয়মিত সার্ভিসিং করানো দরকার। পাশাপাশি পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা বা SpO2 নিয়মিত পরীক্ষা করা উচিত।
ডায়াবিটিস ও হৃদরোগীদেরও সতর্কতা জরুরি
বায়ুদূষণের সময় শুধু ফুসফুসের রোগীরাই নন, ডায়াবিটিস ও হৃদরোগে আক্রান্তদেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। দীপাবলির সময় অনিয়মিত খাওয়াদাওয়া ও দৈনন্দিন রুটিনে বদলের কারণে ডায়াবিটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। তাই নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা জরুরি। হৃদরোগীদেরও নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে এবং বুকে ব্যথা বা অস্বস্তির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামগ্রিকভাবে, দূষণের এই সময়ে আগে থেকে কোনও রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং শরীরের দিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন
আজকাল বিভিন্ন দামের এয়ার পিউরিফায়ার সহজেই পাওয়া যায়। দীর্ঘদিনের শ্বাসকষ্টজনিত রোগ থাকলে বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। এতে ঘরের ভিতরের বাতাস খানিকটা হলেও পরিষ্কার থাকবে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়। আর প্রয়োজন ছাড়া কয়েকটা দিন বাড়ির বাইরে না বেরনোই ভালো।
FAQ
AQI ‘ভেরি পুওর’ বলতে কত বোঝায়?
ভারতের জাতীয় AQI-তে ৩০১ থেকে ৪০০ পর্যন্ত মানকে ‘ভেরি পুওর’ ধরা হয়। এর পরের ধাপ ৪০১-৫০০, যার নাম ‘সিভিয়ার’।
বায়ুদূষণে কোন রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন?
যাঁদের আগে থেকে হাঁপানি, COPD বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, তাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ডায়াবিটিস ও হৃদরোগীদেরও বিশেষ যত্ন নিতে হয়।
শরীর ভালো লাগলে কি শ্বাসকষ্টের ওষুধ বন্ধ করা যায়?
না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ বন্ধ বা ডোজ বদল করা ঠিক নয়। উপসর্গ না বাড়লেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা উচিত।
শ্বাসকষ্টের রোগীরা কী ভাবে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করবেন?
পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা বা SpO2 নিয়মিত মাপা যায়। বাড়িতে অক্সিজেন সাপোর্ট বা BiPAP থাকলে সেগুলির নিয়মিত সার্ভিসিংও জরুরি।
দূষিত পরিবেশসময় বাড়িতে এয়ার পিউরিফায়ার কি কাজে লাগে?
দীর্ঘদিনের শ্বাসকষ্টজনিত রোগ থাকলে এয়ার পিউরিফায়ার ঘরের বাতাস কিছুটা পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়।