এই ‘সুপারফিট’ চোরকে চেনেন, শপলিফ্ট করতে ৩০,০০০ স্টেপস হাঁটেন যিনি?
ফিট অ্যান্ড ফাইন থাকতে আপনি কত স্টেপস হাঁটেন? প্রশ্নটা আরেকটু সহজ করে দিই? ফিট থাকার জন্য কত স্টেপস হাঁটা উচিত বলে ইনস্টাগ্রাম রিলস বা ইনফ্লুয়েন্সার পডকাস্ট থেকে টিপস নেন? দশ হাজার স্টেপস?
আপনি দশ হাজার স্টেপস হাঁটুন বা না হাঁটুন, ইংল্যাল্ডের এক মহিলা চোরের কথা শুনলে রীতিমতো তাজ্জব বনে যাবেন। যিনি একের পর এক শপিং মল ঘুরে চুরির জন্য দিনে ৩০ হাজার স্টেপস হাঁটেন। শুধু তা-ই নয়, ওই মহিলা শপলিফ্টার (shoplifter)-কে ধরতে ময়দানে হাজির হতে হয়েছে স্বয়ং ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভাবছেন, মনে মনে কী রিঅ্যাকজি (reaji) দেবেন, তাই তো?
দ্য গার্ডিয়ান-এর এক রিপোর্ট বলছে, বার্মিংহামের এই মহিলা শপলিফ্টারের নাম কিলি। ৪৪ বছর বয়সি কিলি ঘোরতর ভাবে মাদকাসক্ত। ১৩ বছর বয়সে কিলি প্রথমবার মাদক নেন। শপলিফ্টিংয়ের অভিযোগে ২৮ বার জেলে গিয়েছেন তিনি। কিলি মূলত ৫ থেকে ৯ হাজার পাউন্ড দামের জিনিসপত্র চুরি করেন। চুরি করার অভিযোগে এখনও পর্যন্ত ২৮ বার জেলে গিয়েছেন তিনি। শপলিফ্টিংয়ের জন্য তার সবথেকে প্রিয় টার্গেট হলো ডিজ়াইনার হ্যান্ডব্যাগ। ওই দামি ব্যাগগুলি বিক্রি করেই মাদক কেনার টাকা জোগাড় করেন কিলি।
দ্য গার্ডিয়ান-কে কিলি জানিয়েছেন, দোকান থেকে জিনিস চুরি করা তার জন্য অত্যন্ত ‘প্রয়োজনীয় কারণ’ হয়ে দাঁড়িয়েছিল। কারণ মাদক না নিলে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা রয়েছে তার। Withdrawal Syndrome-এর জেরে একবার তিনি ১০ দিনের জন্য হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। মাদকের নেশা এতটাই প্রবল হয়ে দাঁড়ায় যে, চুরির জন্য রোজ প্রায় ৩০ হাজার পা হাঁটতে শুরু করেন তিনি। যেহেতু তিনি শপলিফ্টার, তাই একই এলাকায় ঘুরঘুর না-করে তাকে শহরজুড়ে এ দিক-ও দিক করে বেড়াতে হয় রোজই।
সংবাদমাধ্যমকে কিলি বলেন, ‘আমরা কেউই সরাসরি কারও কোনও ক্ষতি করিনি। যে যা-ই করেছি, নেশার কারণে করতে বাধ্য হয়েছি। এমনটা নয় যে, এই কাজ করতে আমরা ভীষণ আগ্রহী ছিলাম।’ এক্ষেত্রে আমরা বলতে তিনি তার মতো অন্যান্য ড্রাগ অ্যাডিক্ট শপলিফ্টারের কথাই বলেছেন। কিলি তার এ হেন কাজের জন্য কখনওই নিজেকে দোষ দেননি। বরং তিনি বেশ আত্মবিশ্বাসী। কিলি জানিয়েছেন, তিনি যে পরিমাণ চুরি করেছেন, তার তুলনায় ধরা পড়েছেন অনেক কম।
কিলির মতোই আর একজন রিস। ৩৪ বছর বয়সি পুরুষ শপলিফ্টার রিস ছোট থেকেই মাদক সেবন করেন। বার্মিংহামের বাসিন্দা রিস ২০১৯ সালে প্রথমবার ক্র্যাক কোকেন নেন। আর সেই নেশা থেকেই শুরু হয় তার চুরি করার প্রবণতা। কোকেনের নেশা তাকে এতটাই আসক্ত করে তোলে যে, সপ্তাহখানেকের মধ্যে নানা দোকানে চুরি করতে শুরু করেন। তার কথায়, ‘বার্মিংহামের বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র চুরি করেছি। চুরি করলেও কিছুতেই মন ভরত না। নেশার জিনিস কেনার জন্য পাগলের মতো দোকানে দোকানে ঘুরেছি। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত চুরি করতে করতে।’
পরবর্তী কয়েক বছরে রিস দিনে প্রায় ১৫-১৬ বার চুরি করতেন। যদিও প্রতিটি দোকানে একটি করে চিরকুট ফেলে আসতেন তিনি। চিরকুটে লেখা থাকত, ‘আমি এই কাজের জন্য খুবই দুঃখিত, আমি নিরুপায়।’ সংবাদমাধ্যমকে রিস জানিয়েছেন, এই কাজের জন্য খুবই অপরাধবোধ হত তার। কিন্তু দিনের পর দিন ধরা না পড়ে চুরি করে বেশ সাহসী হয়ে উঠেছিলেন তিনি। কোনও কিছুতেই ভয় লাগত না। দোকানে ঢুকে একটি স্যুটকেসের মধ্যে ভর্তি করে সব জিনিস ভরে নিতেন। এই চুরির ঘটনায় বেশ কয়েকবার জেলেও গিয়েছেন তিনি। রিস জানিয়েছেন, দোকান থেকে জিনিসপত্র চুরি করে সেগুলি বিক্রি করে দিতেন। সেই টাকা দিয়েই আবার কোকেন কিনতেন। নেশার কারণে দিন শেষে খাবার খাওয়ার জন্যও টাকা থাকত না তার কাছে। টাকা বাঁচানোর জন্য তিনি জল পর্যন্ত কিনতেন না।
কিলি ও রিস-সহ ৫০০ জন চোরকে চিহ্নিত করে খুঁজে বের করার পরিকল্পনা নিয়েছেন ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী। কিলি ও রিসের ব্যাপারে খোঁজখবর করতে নেমে দেশের ১৭টি এলাকায় একের পর এক মাদকাসক্তের মাধ্যমে ঘটে চলা শপলিফ্টিংয়ের ঘটনা চোখে পড়েছে প্রশাসনের। বর্তমানে কিলি ও রিস — দু’জনেই চিকিৎসারত অবস্থায় রয়েছেন। নেশা অনেকটাই কাটিয়ে উঠেছেন। বর্তমানে চোর ধরার ঘটনায় প্রশাসনের পক্ষ বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। যে সব স্থানে চুরির ঘটনা বেশি ঘটেছে, সেই জায়গাগুলি চিহ্নিত করা হছে।
যেমন, হাইওয়ে, শহরের মূল কেন্দ্রস্থলে অবস্থিত দোকান কিংবা শহর থেকে দূরে যে সমস্ত দোকান বা বাজার রয়েছে, সেগুলি। সর্বত্রই বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, কিলিকে কি পুলিশি জেরায় জিগ্যেস করা হয়েছে, ৩০ হাজার স্টেপস হেঁটে আপনি কতটা ফিট বোধ করেন? আনফিট শপলিফ্টারদের উদ্দেশে কি কোনও পরামর্শ রয়েছে কিলির? ‘প্রশ্নগুলো সহজ।’ উত্তরগুলো কি জানা?