CRPF জওয়ানদের উপর হামলার দায় নিল ‘পাসদরান-ই-হুরিয়ত’, RSS-কেও হুমকি - 24 Ghanta Bangla News
Home

CRPF জওয়ানদের উপর হামলার দায় নিল ‘পাসদরান-ই-হুরিয়ত’, RSS-কেও হুমকি

Spread the love


শ্রীনগর: কাশ্মীরের কুলগ্রামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ (Pasdaran-e-Hurriyat Kashmir) নামে একটি জঙ্গি…

শ্রীনগর: কাশ্মীরের কুলগ্রামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ (Pasdaran-e-Hurriyat Kashmir) নামে একটি জঙ্গি সংগঠন। সংবাদমাধ্যম সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় কোনও জঙ্গি হামলার ঘটনায় এই প্রথম সংগঠনটির নাম প্রকাশ্যে এল।

কুলগ্রামে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ১১ নভেম্বর এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে সংগঠনটি। সেখানে সরাসরি দাবি করা হয়েছে, তারাই সিআরপিএফের উপর হামলা চালিয়েছে।

বিবৃতিতে ভারতের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর দখল করে রাখার অভিযোগ তুলেছে সংগঠনটি। উপত্যকায় বর্তমানে যে শান্তির পরিবেশ রয়েছে, তাকেও কৃত্রিম বলে দাবি করেছে তারা। ভারত সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’ বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, আগামী দিনে ভারত এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) উপর আরও বড় আঘাত হানার হুমকিও দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে কার্যত সংঘাত আরও বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে। ওই বিবৃতির নীচে সংগঠনের মুখপাত্র হিসেবে মহম্মদ ওমর আজ়মের নাম উল্লেখ করা হয়েছে।

তবে এই সংগঠনকে ঘিরে একাধিক প্রশ্ন রয়েছে। কবে সংগঠনটির জন্ম, কারা এর সদস্য এবং অন্য কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। একইভাবে মুখপাত্র হিসেবে নাম থাকা মহম্মদ ওমর আজ়মের পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে।

কাশ্মীরে নতুন এই সংগঠনের নাম সামনে আসায় নিরাপত্তা মহলে স্বাভাবিকভাবেই নজরদারি ও তদন্তের গুরুত্ব বেড়েছে। তবে সংগঠনটির দাবির সত্যতা এবং তাদের সাংগঠনিক পরিচয় সম্পর্কে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য সামনে আসেনি।

‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি! নিশানায় বিমানবন্দর-ব্যাঙ্ক! আতঙ্ক মুম্বইয়ে

ডিলিমিটেশন বিল নিয়ে ফের তৎপর মোদী সরকার, বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *