ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ‘যম-যমুনা’র ছড়াও বললেন দুই ফরাসি তরুণী, ভিন্ন ছবি হাওড়ার হোমে
ভাইফোঁটার থালা নিজেরাই সাজিয়ে নিয়েছিলেন তাঁরা। কাঁসার থালার কানা ধরে পর পর রেখেছিলেন ধান, দুর্বা, প্রদীপ, কাজল, ঘিয়ের বাটি আর চন্দন বাটা। তার পরে রীতি মেনেই ভাইদের কপালে চুয়া-চন্দনের ফোঁটা একেঁ দেন তাঁরা। বাঁ হাতের কড়ে আঙুল ভাইয়ের কপালে রেখে চিরন্তন সেই চার লাইনের পঙতিও আউড়ে গেলেন— ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দিল যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ বাঙালিদের মতো গড়গড় করে অক্লেশে হয়তো বলতে পারলেন না ঠিকই। তবে পুরো রেওয়াজ মেনেই উলুবেড়িয়ার আশাভবন সেন্টারে ভাইফোঁটা দিলেন দুই ফরাসি তরুণী ডেফনি এবং কলিনা।