AIMIM-ASP Alliance: ভোট ব্যাঙ্কে থাবা, এবার মুসলিম-দলিত একজোট? ২০২৭ সালের নির্বাচনে অপেক্ষা করছে বড় চমক! | Aiming at Muslim & Dalit Vote, Asaduddin Owaisi's AIMIM & Chandrasekhar Azad's Party to Tie up for Upcoming Uttar Pradesh Election 2027 - 24 Ghanta Bangla News
Home

AIMIM-ASP Alliance: ভোট ব্যাঙ্কে থাবা, এবার মুসলিম-দলিত একজোট? ২০২৭ সালের নির্বাচনে অপেক্ষা করছে বড় চমক! | Aiming at Muslim & Dalit Vote, Asaduddin Owaisi’s AIMIM & Chandrasekhar Azad’s Party to Tie up for Upcoming Uttar Pradesh Election 2027

Spread the love

জোট বাঁধছেন আসাউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ।Image Credit: PTI

লখনউ: যোগী রাজ্যে ভোটে অপেক্ষা করছে বড় চমক। দলিত ও মুসলিম ভোটকে এক সুতোয় বাঁধতে জোট বাঁধতে চলেছে আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)-র দল এআইএমআইএম (AIMIM) ও চন্দ্রশেখর আজাদ (Chandrasekhar Azad)-র দল আজাদ সমাজ পার্টি (Azad Samaj Party)।

আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2027)। তার আগেই জোট বাঁধছে একাধিক দল। তৈরি হচ্ছে নতুন সমীকরণ। আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) জোট বাঁধবে উত্তর প্রদেশের আঞ্চলিক দলের সঙ্গে। আজ, বুধবারই আসাউদ্দিন ওয়াইসি লখনউতে এসে পৌঁছন। আগামিকাল জোটের ঘোষণা হতে পারে, এমনটাই সূত্রের খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জোট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই জোটের লক্ষ্য হল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) এবং সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন বিরোধী জোটের বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করা। দুই দলের নেতাদের দাবি, রাজ্যের মুসলিম, দলিত, পিছিয়ে পড়া মানুষ, যুবক ও কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেই তাঁরা ভোটারদের কাছে যাবেন।

কেন এই জোট?

উত্তর প্রদেশে এআইএমআইএম (AIMIM)-এর সভাপতি শওকত আলি জানিয়েছেন, সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি (BSP)-র সঙ্গে জোটের চেষ্টা করেও তাঁরা সাড়া পাননি। এরপরই চন্দ্রশেখর আজাদের দলের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শওকত আলির দাবি, তাঁদের মূল লক্ষ্য হল উত্তর প্রদেশে বিজেপিকে তৃতীয়বার ক্ষমতায় আসা থেকে আটকানো। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের আমলে মুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদও বিজেপি সরকারের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, মিমের সঙ্গে এই জোট যুবক, কৃষক এবং সমাজের পিছিয়ে পড়া ও দুর্বল অংশকে শক্তিশালী করার জন্য কাজ করবে।

কোন কোন ইস্যুতে লড়বে জোট?

চন্দ্রশেখর আজাদ জানিয়েছেন, দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষিত যুবকদের মধ্যে সরকারি চাকরির সুযোগ কমে যাওয়ার বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভোট চুরি, বেকারত্ব, কৃষকদের সমস্যা এবং নোটবন্দির প্রভাবের মতো বিষয়ও তাঁরা প্রচারে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

আজাদের কথায়, ডিগ্রি থাকা সত্ত্বেও দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের বহু তরুণ চাকরি পাচ্ছেন না। এই অংশের মানুষকে মূলস্রোতে সুযোগ দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য।

পাল্টা কী বললেন অখিলেশ?

এই জোট নিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উত্তর প্রদেশের মানুষ ইতিমধ্যেই সমাজবাদী পার্টির পক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”

ভোটের অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ?

এখনও পর্যন্ত উত্তর প্রদেশ বিধানসভায় আসাউদ্দিন ওয়াইসির দল বা চন্দ্রশেখর আজাদের দল-কেউই একটি আসন জিততে পারেনি। ২০২২ সালের নির্বাচনে মিম ৯০টিরও বেশি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু তাদের ভোটের হার ছিল অর্ধেকেরও কম। এএসপি ১০০টির বেশি আসনে প্রার্থী দিয়ে পেয়েছিল মাত্র ০.১৩ শতাংশ ভোট।

চন্দ্রশেখর আজাদ অবশ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাগিনা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে নিজের দলের প্রথম নির্বাচিত সাংসদ হন। দুই দলই এবার ভোটের বৃহত্তর অঙ্কের দিকে তাকিয়ে রয়েছে।

মুসলিম-দলিত ভোটই বড় ভরসা-

উত্তর প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ মুসলিম এবং প্রায় ২১ শতাংশ দলিত। ফলে দুই সম্প্রদায়ের ভোট এক জায়গায় এলে, তা বেশ কিছু আসনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যেমন রামপুরে মুসলিম জনসংখ্যা প্রায় ৫০ শতাংশ এবং দলিত প্রায় ১৩ শতাংশ। মোরাদাবাদে দুই সম্প্রদায় মিলিয়ে জনসংখ্যার অংশ ৬০ শতাংশেরও বেশি। সাহারানপুরেও মুসলিম ও দলিত ভোটের অঙ্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশের বেশি এবং দলিত ২০ শতাংশের বেশি।

বিজনোর, আমরোহা ও সম্ভলের মতো এলাকাতেও মুসলিম-দলিত ভোটের মোট হার অনেক বেশি। বাহরাইচ, শ্রাবস্তী, বেরেলি, মিরাট, আজমগড় এবং মৌ-এর বেশ কিছু আসনে এই জোট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

চাপে পড়তে পারে অখিলেশের সমীকরণ?

এই জোট সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি করতে পারে সমাজবাদী পার্টির পিডিএ (PDA)—পিছিয়ে পড়া, দলিত ও অল্পসংখ্যক ভোটের সমীকরণে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৭টি আসনে জয় পেয়েছিল সমাজবাদী পার্টি। দলের এই সাফল্যের পিছনে পিছিয়ে পড়া, দলিত এবং সংখ্যালঘু ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এবার ওয়াইসির মিম মুসলিম ভোটে এবং চন্দ্রশেখর আজাদ দলিত ভোটে আলাদা প্রভাব তৈরি করতে পারলে সপার সমীকরণে  প্রভাব পড়তে পারে। বিধানসভা নির্বাচনে এই নতুন জোট উত্তর প্রদেশের ভোটের অঙ্ক কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *