India Pakistan Tension: পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা আমেরিকার, উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নিতে বলল - Bengali News | US Secretary of State Marco Rubio Calls Pakistan Army Chief, urges de escalation with India - 24 Ghanta Bangla News
Home

India Pakistan Tension: পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা আমেরিকার, উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নিতে বলল – Bengali News | US Secretary of State Marco Rubio Calls Pakistan Army Chief, urges de escalation with India

Spread the love

পাকিস্তান সেনার প্রধান আসীম মুনিরকে ফোন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও

ওয়াশিংটন: বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ করে বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। পাক সেনার কাপুরুষের মতো কাজেই সীমান্তে বেড়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে ফোন করলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনের বার্তা দিলেন। ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বান জানালেন মার্কিন বিদেশ সচিব।

আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন আমেরিকার বিদেশ সচিব। এর আগে চলতি সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। সেইসময়ও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আলোচনার বার্তা দিয়েছিলেন মার্কো রুবিও।

একই বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট বলেন, “যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চান প্রেসিডেন্ট।” তবে ভারত-পাকিস্তানের এই ইস্যুতে আমেরিকা নাক গলাবে না বলে এর আগে বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

এই খবরটিও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারত স্পষ্ট করে দিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা শুরু করেছিল পাকিস্তান। ভারত কোনও হামলা চালায়নি। শুধু জবাব দিয়েছে। গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় ভারতীয় সেনা আঘাত হেনেছিল। গুঁড়িয়ে দিয়েছিল একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার ওই প্রত্যাঘাতে পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোতে আঘাত হানা হয়নি বলে ভারত জানিয়ে দিয়েছে। পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের উপরও হামলা চালানো হয়নি।

অন্যদিকে, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তে গোলাবর্ষণ করছে। মিসাইল ছুড়ছে। ড্রোন হামলা চালাচ্ছে। ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। বিশ্বকে বার্তা দিয়ে ভারত জানিয়েছে, ভারতীয় সেনা কোনও হামলা করছে না। হামলার জবাব দিয়েছে। পাকিস্তান সেনা হামলা চালালে তার যে যোগ্য জবাব দেওয়া হবে, সেকথাও স্পষ্ট করে দিয়েছে ভারত। বিশ্বের কাছে ভারতের বার্তা, উত্তেজনা পাকিস্তানের তরফে সৃষ্টি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *