মেয়েকে নিয়ে দুর্গম ট্রেকিংয়ে ভাইচুং ভুটিয়া, বললেন, ‘আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত’
ভাইচুং বলছিলেন, ‘মেয়ে খুব ভালো ভাবে গাইড করেছে। শেষের দিকটা খুবই দুর্গম ছিল। বিশেষ করে শেষের চার-পাঁচ কিলোমিটার। একটু অসতর্ক হলেই বিপদের আশঙ্কা। কিন্তু আমরা খুব ভালোভাবে ফিরতে পেরেছি। আবারও বলছি, আমার কাছে এটা স্পেশ্যাল। কারণ, মেয়ের সঙ্গে ট্রেক করলাম।’
ফোনের টাওয়ার ছিল না। অন্ধকার দুর্গম পথ। তবে পিকে পৌঁছে সব ক্লান্তি কেটে গিয়েছিল। সেখানে ভারতরে পতাকা যেমন উড়িয়েছেন ভাইচুং, তেমনই ইস্টবেঙ্গলের এক ফ্যান্স ক্লাব লাল-হলুদ পতাকাও সেখানে তুলে দেন ভাইচুংয়ের হাতে। যা তাঁর কাছে এক অনন্য অনুভূতি।
আপাতত, সিকিমের বাড়িতেই কিছুদিন থাকবেন ভাইচুং। শিলিগুড়িতে বিশাল রেস্তোরাঁ রয়েছে তাঁর। তার পরে কলকাতায় আসবেন।
ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান অবস্থা নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, ‘আমি তো অনেক আগেই বলে দিয়েছিলাম, বড় সমস্যা হতে চলেছে। দেখলেন তো ব্রাজিল-উরুগুয়েকে এনে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। এর জবাব ফেডারেশনকেই দিতে হবে।’