Panskura: ভোরে বাড়ি থেকে হস্টেলে গিয়েছিলেন, কয়েকঘণ্টা পরই মেয়ের খবর শুনে বাকরুদ্ধ পরিবার – Bengali News | Unnatural death of a student from Purba Medinipur in Burdwan university’s hostel
কান্নায় ভেঙে পড়েছে মৃত ছাত্রীর পরিবারImage Credit source: TV9 Bangla
পাঁশকুড়া: হস্টেলে থাকতেন। ভোরেই বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। কয়েকঘণ্টা পর সেই ছাত্রীরই মৃত্যুর খবর এল পরিবারে। হস্টেলে গলায় দড়ি দিয়ে ছাত্রীটি আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী। বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হস্টেল থেকে রবিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ কোয়েলের পরিবার।
পাঁশকুড়া থানার কাঁটাবনী শাসন এলাকার বাসিন্দা প্রশান্ত অধিকারীর মেয়ে কোয়েল অধিকারী। বছর বাইশের এই তরুণী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমএসসি-র প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ইউনিভার্সিটির হস্টেলেই থাকতেন। রবিবার ভোরেই পাঁশকুড়ার বাড়ি থেকে হস্টেলে যান তিনি।
তারপর থেকে মেয়ের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকজন। পরে এক বান্ধবীর নম্বরে ফোন করলে
জানতে পারেন, তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও পরিবারের অভিযোগ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিষয়ে পরিবারের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করেনি। যে বান্ধবীর নম্বর থেকে বিষয়টি জানতে পারেন তাঁরা, সেই বান্ধবী পরে ফোন সুইচ অফ করে দেন। পরে পরিবারের লোকজন বর্ধমান থানায় ফোন করে খোঁজখবর নিলে বিষয়টি জানতে পারেন।
এই খবরটিও পড়ুন
অধিকারী পরিবারের দুই মেয়ে। কোয়েল বড়। তাঁর বাবা বেঙ্গালুরুতে কর্মরত। পেশায় আশাকর্মী কোয়েলের মা রেখা অধিকারী বলেন, এদিন ভোর সাড়ে চারটার সময় তাঁর মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। হস্টেল পৌঁছে বাড়িতে ফোনও করেছিলেন কোয়েল। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই আর যোগাযোগ করা যায়নি কোয়েলের সঙ্গে। বান্ধবীদের সূত্রে জানতে পেরেছেন, বাথরুমের সাওয়ারে ক্রেপ ব্যান্ডেজ গলায় জড়িয়ে আত্মহত্যা করেছেন কোয়েল। নিছক আত্মহত্যা না খুন? কারণ নিয়ে ধন্দে পরিবার।
